বিএনপি নেতার বাড়িতে পেট্রলবোমা হামলার অভিযোগ
বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ
নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ১৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৬:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নড়াইল-২ আসনের বিলডুমুরতলা এলাকায় হবখালী ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ূন মোল্যার বাড়িতে পেট্রলবোমা নিক্ষেপ করে অগ্নিসংযোগের অভিযোগ উঠেছে। সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাত ১টার দিকে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, গভীর রাতে বিকট শব্দে তাদের ঘুম ভেঙে যায়। তখন ঘর থেকে বের হয়ে তারা দেখতে পান আগুন দাউ দাউ করে জ্বলছে। আগুনে ঘরে রাখা ধান, রবিশস্য ও বিভিন্ন আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে ঘটনার সময় ঘরের ভেতরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি।
পরিবারের দাবি, সদ্য অনুষ্ঠিত সংসদ নির্বাচনে নড়াইল-২ আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী মনিরুল ইসলামের পক্ষে কাজ করায় বিএনপির মূল প্রার্থীর সমর্থকরাই এ হামলা চালিয়েছে।
তবে অভিযোগ অস্বীকার করে ধানের শীষ প্রতীকের সমর্থক ও হবখালী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রিয়াজুল ইসলাম টিংকু বলেন, বিদ্রোহী প্রার্থীর সমর্থকরাই ষড়যন্ত্রমূলকভাবে আগুন দিয়ে তাদের ওপর দোষ চাপানোর চেষ্টা করছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করেন।
এ বিষয়ে নড়াইল সদর থানার ওসি ওলি মিয়া বলেন, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
