আধিপত্য বিস্তার নিয়ে কলেজ ছাত্রদল সভাপতিকে ছুরিকাঘাত
বগুড়া ব্যুরো
প্রকাশ: ০২ মার্চ ২০২৬, ১০:৩৭ পিএম
ফিরোজ আহমেদ শাকিল
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার নন্দীগ্রামে আধিপত্য বিস্তার ও এক তরুণীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ফিরোজ আহমেদ শাকিলকে (২৪) ছুরিকাঘাত করা হয়েছে।
রোববার রাতে নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় এ হামলার ঘটনা ঘটে। রক্তাক্ত ছাত্রদল নেতাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও পরিবারের সদস্যরা দাবি করেছেন, এ হামলার নেতৃত্বে ছিলেন নন্দীগ্রাম পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিন।
আহতের পরিবার ও স্থানীয়রা জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিল ও পৌর ছাত্রদলের সভাপতি রাকিবুল হাসান পলিনের বিরোধ চলে আসছে। গত রোববার বিকালে নন্দীগ্রাম উপজেলার মাঝগ্রামে রাব্বি নামে এক যুবক এক তরুণীকে উত্ত্যক্ত করেন।
রাব্বি পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিনের অনুসারী হিসেবে পরিচিত। ওই সময় কলেজ ছাত্রদল সভাপতি ফিরোজ আহমেদ শাকিল সেখানে এসে এর প্রতিবাদ ও রাব্বিকে বাধা দেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়।
রোববার রাত সাড়ে ৮টার দিকে ছাত্রদল নেতা শাকিল নন্দীগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় চা পানের জন্য যান। সেখানে আগে থেকে লুকিয়ে থাকা পৌর ছাত্রদল সভাপতি পলিন ও বিভিন্ন দেশীয় অস্ত্রে সজ্জিত তার ১০-১২ সহযোগী অতর্কিতভাবে শাকিলের ওপর হামলা চালান। হামলাকারীরা শাকিলকে বেধড়ক মারপিট ও ছুরিকাঘাত করে পালিয়ে যান। রক্তাক্ত শাকিলকে উদ্ধার করে তাকে বগুড়া শজিমেক হাসপাতালে ভর্তি করা হয়।
আহত ফিরোজ আহমেদ শাকিল নন্দীগ্রাম মনসুর হোসেন ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি ও মাঝগ্রাম এলাকার শফিকুল ইসলামের ছেলে। এছাড়া পৌর ছাত্রদল সভাপতি রাকিবুল হাসান পলিন মাঝগ্রামের আবদুর রউফ স্ট্যালিনের ছেলে।
পলিন ফোন বন্ধ রাখায় এ অভিযোগের ব্যাপারে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশারফ হোসেন রাতেই হাসপাতালে চিকিৎসাধীন আহত ছাত্রদল নেতা শাকিলকে দেখতে যান। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দলে কোনো সন্ত্রাসীর ঠাঁই নেই। অভিযুক্ত দলের পদধারী হলেও তাকে ছাড় দেওয়া হবে না। আইনগত ব্যবস্থার পাশাপাশি কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেব।
আহত ছাত্রদল নেতা ফিরোজ আহমেদ শাকিলের মা ফিরোজা বেগম তার ছেলের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার ও তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন। এলাকায় দুপক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
সোমবার দুপুরে বগুড়ার নন্দীগ্রাম থানার ওসি মিজানুর রহমান জানান, শুনেছেন পৌর ছাত্রদল সভাপতির ছুরিকাঘাতে কলেজ ছাত্রদল সভাপতি আহত হয়েছেন। এ হামলার ঘটনায় মামলা হয়নি। মামলা হলে তদন্তসাপেক্ষে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
