Logo
Logo
×

সারাদেশ

ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিদের সঙ্গে এমপি নাসেরের বৈঠক

Icon

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১০:১৬ পিএম

ভারতীয় হাইকমিশনের প্রতিনিধিদের সঙ্গে এমপি নাসেরের বৈঠক

মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য এম নাসের রহমানের সঙ্গে ভারতের সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাশের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার দুপুর থেকে এক ঘণ্টাব্যাপী মৌলভীবাজারের দুসাই রিসোর্টে এ বৈঠক হয়।

এ সময় ভারতীয় হাইকমিশনের সেকেন্ড সেক্রেটারি (প্রেস, ইনফরমেশন, কালচার অ্যান্ড এডুকেশন) রাজেশ ভাটিয়া উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা যায়, হিন্দু সম্প্রদায়ের সঙ্গে সম্প্রীতির অবস্থা পর্যবেক্ষণ এবং সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ভারতীয় এ কূটনৈতিক আসেন। বিশেষ করে চা-বাগানের শ্রমিকদের জীবনমান ও বিভিন্ন সমস্যা নিয়ে আলাপ হয়।

এমপি নাসের রহমান বলেন, আমি চা-বাগান শ্রমিকদের কল্যাণের  জন্য সংসদে একটা বিল উত্থাপনের কথা বলেছি- তা শুনে ভারতীয় প্রতিনিধিরা সন্তোষ প্রকাশ করেন।

তিনি জানান, এলাকায় মন্দিরগুলো সুন্দরভাবে রক্ষণাবেক্ষণ করা হচ্ছে—এ বিষয়েও তারা সন্তুষ্টি প্রকাশ করেন। হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত সম্প্রীতির সঙ্গে এখানে বসবাস করছেন। ভারতীয় হাইকমিশনের পক্ষ থেকে যেকোনো ধরনের সহযোগিতা দিতে সহকারী হাইকমিশনার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

বৈঠকে নাসের রহমান বলেন, বাংলাদেশে হিন্দু সম্প্রদায়ের মানুষ সবচেয়ে বেশি নিরাপদ অবস্থায় আছেন।

তিনি উল্লেখ করেন, কোনো হিন্দু সম্প্রদায়ের মানুষের গায়ে হাত তোলা মানে একজন মহিলার গায়ে হাত তোলার মতোই বিবেচিত হয়। হিন্দু সম্প্রদায়ের সঙ্গে মুসলমানদের অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ ও হৃদ্যতাপূর্ণ সম্পর্ক সব সময় বিরাজমান।

এ সময় তিনি বলেন, ৫ আগস্টের পর ভারতের কিছু ইলেকট্রনিক মিডিয়া হিন্দু কমিউনিটির বিরুদ্ধে যে ভুয়া অপপ্রচার করেছিল, সেগুলো ছিল মিথ্যা ও বানোয়াট।

নাসের রহমান বৈঠকে ভারতীয় হাইকমিশনকে জোর দিয়ে বলেন, হিন্দু সম্প্রদায়ের মানুষ অত্যন্ত সম্প্রীতির সঙ্গে বসবাস করছেন এবং কারো কোনো অভিযোগ নেই। বিএনপি সরকার শুধু হিন্দু নয়—বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখতে কঠোর অবস্থানে রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম