চুরি হওয়া ২৭৩ মণ চাল উদ্ধার
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার ধুনট থেকে চুরি হওয়া ২৭৩ মণ চাল উদ্ধার হয়েছে। পুলিশ মঙ্গলবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত উপজেলার চিকাশী ইউনিয়নের বড়চাপড়া ও গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহুরী গ্রামে অভিযান চালিয়ে চালগুলো উদ্ধার করে। পরে চালগুলো জব্দ করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
পুলিশ সূত্র ও অভিযোগে জানা গেছে, চালক হারুন মিয়া গত ২৫ ফেব্রুয়ারি দিনাজপুরের হিলি সীমান্ত থেকে ট্রাকে ২৬ কেজি ওজনের ৪২০ বস্তা ইন্ডিয়ান হোটাইট গোল্ড সিল্কি সোর্টেক্স চাল নিয়ে বগুড়ার দিকে রওনা দেন। ২৬ ফেব্রুয়ারি রাতে চালক হারুন মিয়া ট্রাকসহ নিখোঁজ হন বলে মালিকপক্ষ আজাদ গ্রুপ দাবি করে। চালকের মোবাইল ফোন বন্ধ পাওয়া গেলে কোম্পানির লোকজন তাকে খোঁজাখুঁজি করেন। সন্ধান না পাওয়ায় তারা এ ব্যাপারে বগুড়া সদর থানায় সাধারণ ডায়েরি করেন।
এদিকে গোপনে খবর পেয়ে সদর ও ধুনট পুলিশ মঙ্গলবার রাতে অভিযান পরিচালনা করে। তারা ধুনট উপজেলার চিকাশী ইউনিয়নের চড়চাপড়া গ্রামের মৃত সায়েদ আলীর ছেলে পোশাক শ্রমিক সুরুজ মিয়ার বাড়ির ঘর থেকে ৩৪০ বস্তা চাল উদ্ধার করা হয়। এছাড়া উপজেলার গোসাইবাড়ি ইউনিয়নের পূর্ব গুয়াডহুরী গ্রামের মৃত আবদুল মান্নান মণ্ডলের ছেলে মইনুল মণ্ডলের ঘর থেকে আরও ৮০ বস্তা চাল উদ্ধার করা হয়। মঙ্গলবার রাত ১টা থেকে ৩টা পর্যন্ত পৃথক অভিযানে উদ্ধার করা ৪২০ বস্তা চালের ওজন ১০ হাজার ৯২০ কেজি বা ২৭৩ মণ।
ধুনট থানার ওসি আতিকুল ইসলাম জানান, ঘটনাটি সদর থানার। সদর থানা পুলিশের টিম এসেছিল; অভিযানে তাদের সহযোগিতা করা হয়েছে।
বগুড়া সদর থানার এসআই মেহেদী হাসান বলেন, চুরি হওয়া চাল উদ্ধারের ঘটনায় ট্রাকচালক হারুণ মিয়া ও অন্যদের গ্রেফতার করা সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িতরা আত্মগোপনে আছে। উদ্ধার করা চালগুলো জব্দ করে বগুড়া পুলিশ লাইনসে রাখা হয়েছে। চালের প্রকৃত মালিককে অবহিত করা হয়েছে। তিনি এলে মামলা করবেন।
