সিংড়ায় যুবদল নেতাকে পেটানোর অভিযোগ আ.লীগ কর্মীদের বিরুদ্ধে
Advertisement
সিংড়া (নাটোর) প্রতিনিধি
প্রকাশ: ১৪ মার্চ ২০২৬, ০৮:৫৭ পিএম
আহত যুবদল নেতা সিদ্দিকুর রহমান। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
নাটোরের সিংড়ায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে এক যুবদল নেতাকে পেটানোর অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মীদের বিরুদ্ধে।
শুক্রবার (১৩ মার্চ) সন্ধ্যায় উপজেলার ইটালী ইউনিয়নের তুলাপাড়া বাঁশবাড়িয়া বাজারে এই ঘটনা ঘটে। যুবদল নেতা সিদ্দিকুর রহমানকে (৩৮) লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে আঘাত করেন স্থানীয় আওয়ামী লীগ কর্মী রমিজুল ও নজরুল ইসলাম।
সিদ্দিকুর ইটালী ইউনিয়ন যুবদলের সহ-সভাপতি ও স্থানীয় বাজারের পল্লি চিকিৎসক।
জানা গেছে, শুক্রবার সকাল সাড়ে ৯টায় তুলাপাড়া বাঁশবাড়িয়া গ্রামের একটি জমিজমা সংক্রান্ত ঘটনায় সিদ্দিকুর ও রমিজুলের মধ্যে তর্ক হয়। এই ঘটনার জের ধরে সন্ধ্যায় বাজারে ওষুধের দোকানে যাওয়ার সময় সিদ্দিকুরের ওপর অতর্কিত হামলা চালায় রমিজুল ও নজরুলসহ ৭ থেকে ৯ জন ব্যক্তি।
তাকে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে পিটিয়ে আহত করলে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
এ বিষয়ে অভিযুক্ত আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে যোগাযোগ করে তাদের পাওয়া যায়নি।
এ বিষয়ে সিংড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি। এ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে।
