ট্রাকচাপায় যুবক নিহত, ৫ লাখ টাকায় মীমাংসার চেষ্টা বিএনপি নেতার
Advertisement
কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৭:২৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের কালিয়াকৈরে ড্রাম ট্রাকের চাপায় এক যুবক নিহত হয়েছেন। ঘটনার পর বিষয়টি ৫ লাখ টাকা দিয়ে মীমাংসা করতে স্থানীয় বিএনপি নেতারা নিহতের পরিবারে চাপ সৃষ্টি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
শনিবার (১৪ মার্চ) দিবাগত মধ্যরাতে উপজেলার মধ্যপাড়া ইউনিয়নের লস্করচালা এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাসুম রানা (৩৫) গাজীপুরের কালিয়াকৈর উপজেলার লস্করচালা এলাকার নুর উদ্দিনের ছেলে।
এলাকাবাসী ও নিহতের পরিবার জানায়, গাজীপুরের কালিয়াকৈর উপজেলার মধ্যপাড়া ইউনিয়নে দীর্ঘদিন ধরে ফসলি জমির মাটি কেটে স্থানীয় কারখানায় বিক্রি করে আসছিল। এলাকাবাসী বিভিন্ন জায়গায় অভিযোগ দিয়েও মাটি কাটা বন্ধ করতে পারছিল না। এতে আশপাশের ফসলি জমি ধসে পড়া এবং এলাকার রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ার অভিযোগ রয়েছে।
মাটি কাটার স্থানে ট্রাকের সিরিয়াল দেন মাসুম রানা। শনিবার রাতে উপজেলার হাটুরিয়াচালা এলাকায় মাটি কাটার সময় পাশেই দাঁড়িয়ে ছিলেন মাসুম। এ সময়ে ড্রাম ট্রাকের চাপায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
পরে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ওই ঘটনার পর মধ্যপাড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল সিকদার ও মাটি ব্যবসায়ী নাসির উদ্দিন নিহতের বাড়িতে বৈঠক করেন। পরে সেখানে নিহতের পরিবারকে ৫ লাখ টাকা নিয়ে মীমাংসার প্রস্তাব দেন।
এ সময় বিএনপি নেতা ওবায়দুল সিকদার বলেন, আমাদের মূল দাবি হচ্ছে টাকা। কে দিল আর না দিল, সেটা দেখার দরকার নেই। আমরা সিদ্ধান্ত নিয়েছি আমরা টাকা পাব। টাকা আমি ওনার (মাটি ব্যবসায়ী নাসির) কাছ থেকে গুনে নেব।
এ সময়ে পাশের এক ব্যক্তি বলেন, স্ট্যাম্প আনেন। সেখানে সাইন নেন।
ওবায়দুল আরও বলেন, আমরা স্থানীয়রা ৫ লাখ টাকা দিয়ে মিটিয়ে দিয়েছি। মামলা করলে আবার টাকাপয়সা পাওয়া যাবে না। কথা বুঝতে পারছেন। এদের পরিবারকেও কিছু দিতে পারব না। আপনারা আবার নিউজ কইরেন না।
নিহতের বড় বোন সনিয়া বেগম বলেন, আমার ভাই মারা যায়নি, তাকে মারা হয়েছে। এর সুষ্ঠু বিচার চাই। অপরাধীদের ধরতে চাই। ওকে ষড়যন্ত্র করে মারা হয়েছে।
নিহতের স্বজনদের অভিযোগ, ঘটনার পর বিষয়টি মীমাংসা করতে ক্ষতিপূরণ হিসেবে ৫ লাখ টাকা দেওয়ার প্রস্তাব দিয়ে চাপ সৃষ্টি করা হচ্ছে।
কালিয়াকৈর থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, এ ঘটনায় এখনো কোনো লিখিত অভিযোগ পাইনি। তবে লোকমুখে খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
