এইচআরএসএসের প্রতিবেদন
মব সহিংসতায় তিন মাসে নিহত ৫৪, আহত ১৪৫
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১২:২৬ এএম
প্রতীকী ছবি
|
ফলো করুন |
|
|---|---|
দেশে চলতি বছরের জুলাই থেকে সেপ্টেম্বর- এ তিন মাসে মব সহিংসতা ও গণপিটুনির ১৩৭টি ঘটনায় ৫৪ জন নিহত এবং ১৪৫ জন আহত হয়েছেন। একই সময়ে ১৮৩টি রাজনৈতিক সহিংসতার ঘটনায় ১৭ জন নিহত ও ১ হাজার ২২৭ জনের বেশি আহত হয়েছেন। এছাড়া সাংবাদিক নির্যাতন, নারী ও শিশু নির্যাতন, শ্রমিকের মৃত্যু এবং হেফাজতে মৃত্যুর ঘটনায় উদ্বেগজনক চিত্র উঠে এসেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটির (এইচআরএসএস) ত্রৈমাসিক প্রতিবেদনে। দেশের ১৬টি জাতীয় গণমাধ্যমে প্রকাশিত সংবাদ, সংগৃহীত তথ্য ও অনুসন্ধান প্রতিবেদনের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।
সোমবার এইচআরএসএসের নির্বাহী পরিচালক ইজাজুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
ইজাজুল ইসলাম জানান, মানবাধিকার পরিস্থিতির উন্নয়ন, আইনের শাসন প্রতিষ্ঠা ও গণতান্ত্রিক প্রক্রিয়া শক্তিশালী করতে রাষ্ট্র ও সমাজের সব পর্যায়ে সমন্বিত উদ্যোগ প্রয়োজন। রাজনৈতিক ও মব সহিংসতা, সাংবাদিক নির্যাতন, নারী-শিশুর প্রতি সহিংসতা এবং হেফাজতে মৃত্যুর মতো ঘটনা প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তিনি।
রাজনৈতিক সহিংসতায় নিহত ১৭ : এইচআরএসএসের প্রতিবেদনে বলা হয়, তিন মাসে ১৮৩টি রাজনৈতিক সহিংসতায় ১৭ জন নিহত হয়েছেন। এর মধ্যে বিএনপির ৯, জামায়াতের ২, আওয়ামী লীগের ৩ এবং অন্যান্য দলের ৩ জন রয়েছেন। বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও ৬৯টি সংঘর্ষে ৯ জন নিহত ও ৫৪০ জন আহত হন। বিএনপি-জামায়াত সংঘর্ষের ৩১টি ঘটনায় একজন নিহত ও ৩৩৮ জন আহত হন। এ সময়ে রাজনৈতিক নেতাকর্মীদের বিরুদ্ধে ১২৬টির বেশি মামলা হয়েছে। এসব মামলায় ২ হাজার ৫৪১ জনের নাম উলেখ করে এবং প্রায় ৭ হাজার ৯১৫ জনকে আসামি করা হয়েছে। রাজনৈতিক মামলায় গ্রেফতার হয়েছেন ২ হাজার ৫৭৭ জন।
নির্যাতনের শিকার ১৩৫ সাংবাদিক : প্রতিবেদনে বলা হয়, তিন মাসে সাংবাদিক নির্যাতন ও হয়রানির ৮৮টি ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ১৩৫ জন সাংবাদিক আক্রান্ত হন। তাদের মধ্যে ৬৩ জন আহত, ২৭ জন লাঞ্ছিত এবং ১৮ জন হুমকির শিকার হন। এছাড়া ৯ জন সাংবাদিককে আটক করা হয়। সাইবার সুরক্ষা আইনের চারটি মামলায় ১৮ সাংবাদিককে অভিযুক্ত করা হয়েছে।
নারী ও শিশু নির্যাতনের চিত্র উদ্বেগজনক : এ সময়ে ৭৮৩ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে ২৫৩ জন ধর্ষণের শিকার হয়েছে। তাদের মধ্যে ১৫৪ জনের বয়স ১৮ বছরের নিচে। ধর্ষণের পর ১২ জনকে হত্যা করা হয়েছে। ৭৩৩টি শিশু নির্যাতনের শিকার হয়েছে। তাদের মধ্যে ১৮৯ জন প্রাণ হারিয়েছে। এছাড়া পারিবারিক সহিংসতায় ১৩৭ জন নারী নিহত হয়েছেন।
শ্রমিকের মৃত্যু ৭১, কারাগারে ৩৭ : এইচআরএসএসের প্রতিবেদনে আরও বলা হয়, তিন মাসে ২৫১টি শ্রমিক নির্যাতনের ঘটনায় ৭১ জন নিহত ও ২৬০ জন আহত হয়েছেন। কর্মক্ষেত্রে দুর্ঘটনায় ১৬৪ শ্রমিক মারা গেছেন। এ সময়ে কারাগারে ৩৭ জনের মৃত্যু হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর হেফাজতে পাঁচজন এবং নির্যাতনের শিকার হয়ে একজন মারা গেছেন।

