Logo
Logo
×
   

সারাদেশ

ঈদের আগের দিন আগুনে পুড়ল ৯ ব্যবসায়ীর কপাল

Icon

বাগেরহাট প্রতিনিধি

প্রকাশ: ২০ মার্চ ২০২৬, ০৬:০২ পিএম

ঈদের আগের দিন আগুনে পুড়ল ৯ ব্যবসায়ীর কপাল

বাগেরহাটের কচুয়ায় ঈদের আগের দিন আগুনে পুড়ল ৯ ব্যবসায়ীর কপাল। কচুয়া বাজারে আগুনে ৯টি দোকান ভস্মীভূত হয়েছে। এতে ব্যবসায়ীদের অন্তত অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে। 

শুক্রবার (২০ মার্চ) ভোররাতে কচুয়া উপজেলা সদরের বাজার ব্রিজের ওপারে মঘিয়া অংশে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

খবর পেয়ে ফায়ার সার্ভিস, ব্যবসায়ী ও স্থানীয়রা এসে প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নেভাতে সক্ষম হয়। ততক্ষণে ৯টি দোকান ভস্মীভূত হয়ে যায়।

ঈদের আগমুহূর্তে একমাত্র আয়ের উৎস ব্যবসা প্রতিষ্ঠান পুরে ভস্মীভূত হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছেন ব্যবসায়ীরা। অনেকেরই জীবনের শেষ সম্বল ছিল এই দোকান।

পুড়ে যাওয়া চায়ের দোকানদার সোহাগ মাঝি বলেন, অনেক কষ্ট করে দোকানটি দিয়েছিলাম। এনজিওর ঋণ ও আত্মীয় স্বজনদের কাছ থেকে ধার করে দুটো ফ্রিজও কিনেছিলাম দোকানের জন্য, ঈদ উপলক্ষে অনেক টাকার মালামাল উঠিয়েছিলাম। সব শেষ হয়ে গেল। কিভাবে ঋণের টাকা পরিশোধ করব, আবার কিভাবে ব্যবসা শুরু করব আল্লাহ-ই ভাল জানেন।

ক্ষতিগ্রস্ত সারের ডিলার ‘মীম এন্ড মুন’-এর স্বত্বাধিকারী মাসুদুর রহমান জানান, ঈদের ছুটি ও জ্বালানি সংকটের কারণে তার দোকানে প্রায় ২০ লাখ টাকার সার মজুদ ছিল, যা অগ্নিকাণ্ডে সম্পূর্ণ পুড়ে যায়। এছাড়া মুদি দোকান, বিকাশ-নগদ-ফ্লেক্সিলোডের দোকান, লন্ড্রি, সেলুন ও চায়ের দোকানসহ অন্যান্য ব্যবসা প্রতিষ্ঠানও সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। আমরা খুবই বিপদে পড়ে গেলাম।

এদিকে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদ, কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান, বাজার কমিটির নেতা, স্থানীয় বিএনপি-জামায়াতের নেতাকর্মী ও গণ্যমান্য ব্যক্তিরা।

প্রাথমিকভাবে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। পরবর্তীতে আরও সহায়তার বিষয়টি বিবেচনা করা হবে বলে জানান কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান।

এছাড়া বাগেরহাট-২ আসনের সংসদ সদস্য শেখ মঞ্জুরুল হক রাহাদের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের নগদ অর্থ ও টিন প্রদানের কথা রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .