লক্ষ্মীপুরে বিএনপি কার্যালয়ের সামনে দুপক্ষের গোলাগুলি, পথচারী গুলিবিদ্ধ
Advertisement
রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১১:১৩ এএম
গুলিবিদ্ধ আব্দুর রহিম। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামের দুপক্ষের মধ্যে ধাওয়া পালটা ধাওয়া ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে আব্দুর রহিম (৫৪) নামে এক পথচারী গুলিবিদ্ধ ও সাইফুল ইসলাম মানিক (২০) নামে একজনকে পিটিয়ে আহত করা হয়েছে।
মঙ্গলবার (২৪ মার্চ) রাত ৯টায় সদর উপজেলার চন্দ্রগঞ্জ পশ্চিম বাজারে আফজাল রোডের মুখে চন্দ্রগঞ্জ ইউনিয়নে বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ আব্দুর রহিম শেখপুর গ্রামের শামছুল হকের ছেলে ও পেশায় গাছ ব্যবসায়ী এবং আহত মানিক সদর উপজলার চরশাহী ইউনিয়নের পূর্ব জাফরপুর গ্রামের মিজানুর রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, চন্দ্রগঞ্জ ইউনিয়নের দেওপাড়া গ্রাম ও শেখপুর গ্রামের লোকজনের মধ্যে আধিপত্য বিস্তার নিয়ে সোমবার (২৩ মার্চ) মারামারি হয়। মঙ্গলবার একই ঘটনায় আবারও উভয়পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে দেওপাড়া গ্রামের পক্ষে রাকিব পাটওয়ারী ও শেখপুর গ্রামের মিতুল নামে একজন নেতৃত্ব দিয়েছেন।
ঘটনার সময় আব্দুর রহিম নামে পথচারীর বাম পায়ে গুলিবিদ্ধ হন এবং মিতুলের পক্ষের লোক মানিককে এলোপাতাড়ি চেইন দিয়ে পিটিয়ে আহত করা হয়। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের চিকিৎসক সালাম সৌরভ বলেন, আব্দুর রহিমের বাম পায়ে গুলির আঘাত রয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে নোয়াখালী জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। মানিককে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
চন্দ্রগঞ্জ থানার ওসি মোরশেদ আলম বলেন, পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগে দুই পক্ষ পালিয়েছে।
