চিলমারীতে প্রথম কার্য দিবসে তালাবদ্ধ কয়েকটি সরকারি অফিস
Advertisement
চিলমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২৫ মার্চ ২০২৬, ১২:৩৯ পিএম
তালাবদ্ধ কয়েকটি অফিস কক্ষ। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামের চিলমারীতে অফিসারপাড়ায় বিভিন্ন দপ্তরের অফিসারদের যেন এখনো ঈদের আমেজ কাটেনি। পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কার্য দিবসে তালাবদ্ধ থাকতে দেখা গেছে গুরুত্বপূর্ণ কয়েকটি অফিস।
সরকারি সিদ্ধান্ত মোতাবেক, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ছুটি থাকার পর ২৪ মার্চ মঙ্গলবার অফিস খোলা থাকবে। তবে, ওইদিন উপজেলার বিভিন্ন দপ্তরে কর্মরত কয়েকজন অফিসারকে অফিস করতে দেখা যায়নি। এমনকি কয়েকটি দপ্তর এখনো তালাবদ্ধ রয়েছে। বেশকিছু দপ্তর খোলা থাকলেও কর্মকর্তা-কর্মচারীর উপস্থিতি ছিল খুবই কম।
সরেজমিনে মঙ্গলবার সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার অফিস পাড়ায় ঘুরে উপজেলা পরিসংখ্যান কার্যালয়, মৎস্য কর্মকর্তার কার্যালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কার্যালয়, তথ্য সেবা কর্মকর্তার কার্যালয়, পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনসমূহ তালাবদ্ধ অবস্থায় দেখা গেছে।
অন্যদিকে অফিস খোলা থাকলেও উপজেলা মৎস্য অফিসার, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী,স্থানীয় সরকার প্রকৌশল বিভাগের উপজেলা প্রকৌশলী, ভারপ্রাপ্ত সমাজসেবা অফিসারসহ কয়েকজন কর্মকর্তাকে অফিস করতে দেখা যায়নি। এদিকে ভারপ্রাপ্ত কর্মকর্তা দায়িত্বে থাকায় মহিলাবিষয়ক অফিস, পরিসংখ্যান অফিস, যুব উন্নয়ন অফিসে কর্মকর্তা না থাকায় দীর্ঘদিন অফিস ছুটির পর উপজেলার বিভিন্ন দপ্তরে সেবা নিতে এসে হয়রানির শিকার হওয়ায় সাধারণ মানুষের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এ সময় সহকারী কমিশনার ভূমি অফিসের কর্মকর্তাদের অনুপস্থিতির কারণে কয়েকজন সেবা গ্রহীতাকে অপেক্ষা করতে দেখা গেছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান জানান, দীর্ঘদিন ছুটির পর কেন তারা অফিসে আসেননি সে বিষয়ে আমার জানা নেই।
