স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথির নাম ঘোষণা নিয়ে বিএনপি-জামায়াত উত্তেজনা
নীলফামারীর প্রতিনিধি
প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১১:০১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নীলফামারী-১ আসনের সংসদ সদস্যের নাম প্রধান অতিথি হিসেবে ঘোষণা না করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। এ সময় অনুষ্ঠান ত্যাগ করেন নীলফামারী-১ আসনের সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সকালে জেলার ডোমার হাইস্কুল মাঠে স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে এ ঘটনা ঘটে।
জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন। তিনি সংসদ সদস্য ও জামায়াতের জেলা আমির অধ্যক্ষ আব্দুস সাত্তারের নাম ঘোষণা করেননি। একপর্যায়ে তিনি অনুষ্ঠান ছেড়ে বের হওয়ার সময় বিএনপির কিছু নেতাকর্মীরা ‘রাজাকার ও স্বাধীনতাবিরোধী’ বলে স্লোগান দেন।
তবে অভিযোগ অস্বীকার করে উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও অনুষ্ঠানের সঞ্চালক মাসুদ বিন আমিন সুমন জানান, উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেওয়া স্ক্রিপ্টে প্রধান অতিথি উল্লেখ ছিল না। এরপরেও এমপি মহোদয়কে যথাযথ সম্মান দিয়ে আসন গ্রহণের অনুরোধ করা হয়েছিল এবং তিনি আসনও গ্রহণ করেন। কিছু দুষ্কৃতকারী অনুষ্ঠানটি বিশৃঙ্খল করতে উত্তেজিত হয়ে আজে-বাজে ভাষায় গালাগালি করে।
নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার জানান, সুন্দরভাবে অনুষ্ঠান চলছিল। তবে এ ধরনের অনুষ্ঠানে দলীয় কাউকে না দিয়ে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে সঞ্চালনা করা উচিত।
পরবর্তীতে এই এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে খেয়াল রেখে ভবিষ্যতে এসব বিষয় আরও সুন্দরভাবে করার আহ্বান জানান তিনি।
ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী জানান, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কিছুটা বিশৃঙ্খলা হয়েছিল, তবে পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
