সাঘাটায় ১২শ লিটার পেট্রল জব্দ, জরিমানা ৩০ হাজার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ২৯ মার্চ ২০২৬, ০৬:২০ পিএম
ফাইল ছবি।
|
ফলো করুন |
|
|---|---|
গাইবান্ধার সাঘাটা উপজেলার ভরতখালী হাটের মেসার্স আবুল কালাম আজাদ ট্রেডার্স থেকে ১২০০ লিটার পেট্রল জব্দ করা হয়েছে। অতিরিক্ত মূল্যে তেল বিক্রির দায়ে প্রতিষ্ঠানটিকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রোববার (২৯ মার্চ) অতিরিক্ত মূল্যে জ্বালানি তেল বিক্রির অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে এই তেল জব্দ ও জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত।
অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আশরাফুল কবীর। এ সময় প্রতিষ্ঠানটির মালিক আবুল কালাম আহাদের বিরুদ্ধে সরকারি নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে পেট্রল বিক্রির প্রমাণ পাওয়া যায়। পাশাপাশি পাম্পটির নিবন্ধন সংক্রান্ত অনিয়মও ধরা পড়ে।
এ বিষয়ে মো. আশরাফুল কবীর বলেন, জব্দকৃত পেট্রল সরকারি নির্ধারিত মূল্যে বিক্রির জন্য সংশ্লিষ্ট থানার ওসি ও কৃষি কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে। বিক্রিত অর্থ সরকারি কোষাগারে জমা দেওয়ার নির্দেশও দেওয়া হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে পাম্পটিতে অতিরিক্ত দামে জ্বালানি বিক্রি চলছিল।

