|
ফলো করুন |
|
|---|---|
হবিগঞ্জের লাখাইয়ে পূর্ববিরোধের জের ধরে দুই দল গ্রামবাসীর মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে কমপক্ষে ২৫ জন আহত হন। তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে।
রোববার বেলা ২টার দিকে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের মশাদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
পুলিশ ও এলাকাবাসী জানান, হবিগঞ্জ শহরের সাইফুল মিয়ার সঙ্গে মশাদিয়া গ্রামের আক্কাছ মিয়ার ছেলে ইমন মিয়া, বাবুল মিয়ার ছেলে লোকমান মিয়া ও সালমান মিয়ার বিরোধ চলছিল। রোববার সাইফুল মিয়া মশাদিয়া গ্রামের মাঠে তার বন্ধু সবুজ মিয়ার সঙ্গে দেখা করতে যান। এ খবর পেয়ে সালমান মিয়া ও তার ভাই লোকমান মিয়াসহ স্বজনরা সাইফুল মিয়ার ওপর হামলা চালিয়ে আহত করেন। পরে তার বন্ধু একই গ্রামের ছেনু মিয়ার ছেলে সবুজ মিয়াসহ কয়েকজন বিষয়টি সম্পর্কে জানতে তাদের কাছে গিয়ে জিজ্ঞেস করলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে উভয়ের পক্ষ নিয়ে তাদের স্বজনরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়।
লাখাই থানার ওসি জাহিদুল ইসলাম জানান, বর্তমানে এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে। হাঙ্গামাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
