Logo
Logo
×
   

সারাদেশ

সুজানগরে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের ৭ নেতাকর্মী বহিষ্কার

Icon

সুজানগর (পাবনা) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১০:৪৯ পিএম

সুজানগরে সংঘর্ষের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের ৭ নেতাকর্মী বহিষ্কার

পাবনার সুজানগর উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনায় বিএনপি ও ছাত্রদলের ৭ নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভীর সই করা এক বিজ্ঞপ্তিতে বিএনপির ৩ নেতাকে বহিষ্কার করা হয়েছে। তারা হলেন- পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামের ওয়ার্ড বিএনপির সদস্য ইসলাম খান, সদস্য ঠান্টু খান, সদস্য সন্টু খান। তাদের দলের প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। 

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে- পাবনা জেলাধীন সুজানগরে রক্তাক্ত সংঘাতের ঘটনায় জড়িত থাকার অভিযোগে বিএনপির প্রাথমিক সদস্যসহ সব পর্যায়ের পদ থেকে এবং  সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের  সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তাদের বহিষ্কার করা হয়েছে।

এছাড়া ছাত্রদলের ৪ নেতাকে বহিষ্কার করা হয়। সংগঠনটির দপ্তর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলমের সই করা বিজ্ঞপ্তিতে বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীনের সিদ্ধান্ত মোতাবেক সুজানগর উপজেলার হাটখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক রাফি উদ্দিন রাজা, সাবেক আহ্বায়ক জাহাঙ্গীর হোসেন অনুকে প্রাথমিক সদস্য পদ ও সদস্য শেখ রাকা এবং রিদয়কে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে।

উল্লেখ্য, পাবনার সুজানগর উপজেলার মানিকহাট ইউনিয়নের ভিটবিলা গ্রামে গত ২৩ মার্চ আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ঘটনাস্থলেই গুলিবিদ্ধ হয়ে চায়না খাতুন নামে এক নারী এবং ২৪ মার্চ মঙ্গলবার রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মনসুর শেখ নামে আরও একজন নিহত হওয়ার ঘটনার শাস্তিমূলক এ ব্যবস্থা নিয়েছে দলটির কেন্দ্রীয় কমিটি বলে স্থানীয় দলীয় নেতাকর্মীরা জানান।

সুজানগর থানার নবাগত ওসি মোজাফফর হোসেন মঙ্গলবার জানান, সংঘর্ষের এ ঘটনায় মামলার ভিত্তিতে পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .