Logo
Logo
×
   

সারাদেশ

ভূমধ্যসাগরে মৃত্যু, জগন্নাথপুর থানায় ৫ দালালের বিরুদ্ধে মামলা

Icon

জগন্নাথপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ৩১ মার্চ ২০২৬, ১০:৫৫ পিএম

ভূমধ্যসাগরে মৃত্যু, জগন্নাথপুর থানায় ৫ দালালের বিরুদ্ধে মামলা

লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময় ভূমধ্যসাগরে সুনামগঞ্জের জগন্নাথপুরের ৫ তরুণের মৃত্যুর ঘটনায় ৫ দালালসহ একটি আন্তর্জাতিক পাচারকারী চক্রের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মঙ্গলবার (৩১ মার্চ)  জগন্নাথপুর থানায় মানবপাচার ও প্রতারণা আইনে মামলাটি করেন নিহত আমিনুর রহমানের পিতা মো. হাবিবুর রহমান।

মামলার আসামিরা হলেন- সুনামগঞ্জের ছাতক উপজেলার গয়াসপুর গ্রামের মদরিছ মিয়ার ছেলে বিলাল মিয়া ও দুলাল মিয়া এবং জগন্নাথপুর উপজেলার ইছগাঁও গ্রামের মৃত মন্তাজ উদ্দিনের ছেলে আজিজুল ইসলাম। এছাড়া মামলায় জসিম মিয়া ও এনাম নামের আরও দুই ব্যক্তিকে আসামি করা হয়েছে যাদের বিস্তারিত পরিচয় ও ঠিকানা অজ্ঞাত।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, গত ডিসেম্বর ও জানুয়ারি মাসে উন্নত জীবনের প্রলোভনে দালালের মাধ্যমে দেশ ছাড়েন জগন্নাথপুর উপজেলার  আমিনুর রহমান, ইজাজুল হক মনি, সায়েক আহমদ, মো. আলী আহমদ ও নাঈম মিয়া। জনপ্রতি ১১ থেকে ১৩ লাখ টাকা নিয়ে তাদের লিবিয়া থেকে একটি অনিরাপদ রাবার বোটে তুলে দেওয়া হয়। সাগরে ৫-৬ দিন ভাসমান থাকার পর খাবার ও পানির অভাবে তারা মারা যান। অভিযোগ রয়েছে, দালালদের নির্দেশে মৃতদেহগুলো সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছিল।

জগন্নাথপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান, মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এবং ২০২৬ সালের অভিবাসী চোরাচালান প্রতিরোধ অধ্যাদেশ অনুযায়ী মামলা করা হয়েছে। পলাতক আসামিদের গ্রেফতার এবং আন্তর্জাতিক এই চক্রের শেকড় খুঁজে বের করতে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .