স্কুলছাত্রী ধর্ষণ ও আত্মহত্যা প্ররোচনা মামলার আসামি গ্রেফতার
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ০১ এপ্রিল ২০২৬, ০৯:৩৯ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহের ফুলপুরে স্কুলছাত্রীকে ধর্ষণ ও আত্মহত্যায় প্ররোচনায় আসামি রুবেল মিয়াকে (৪০) গ্রেফতার করেছে র্যাব। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে ফুলপুর উপজেলার রামভদ্রপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
ধর্ষণের পর তার প্ররোচনায় বিষপানে ওই ছাত্রীর মৃত্যু হয় বলে স্বীকার করেছেন অভিযুক্ত রুবেল মিয়া।
বুধবার দুপুরে র্যাব-১৪ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় র্যাব-১৪ অধিনায়ক নয়মুল হাসান।
র্যাব জানায়, ফুলপুর উপজেলার ওই স্কুলছাত্রী ও রুবেল মিয়া প্রতিবেশী। গত ২৯ মার্চ রাতে স্কুলছাত্রী নিজ বাড়ি থেকে বাহিরে যায় এবং বাসায় ফিরে এসে অসুস্থ হয়ে পড়ে। অসুস্থতার বিষয়ে দাদির জিজ্ঞাসায় স্কুলছাত্রী বলে- রুবেল তার সর্বনাশ করেছে তাই সে রুবেলের বাড়ি থেকে কীটনাশক খেয়ে এসেছে। এ মুখ আর কাউকে দেখাবে না সে। এরপর পরিবারের লোকজন তাৎক্ষণিক তাকে ফুলপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। অবস্থার অবনতি হলে পরে সেখান থেকে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় পরদিন বিকালে তার মৃত্যু হয়।
এ ঘটনায় ওই ছাত্রীর বাবা বাদী হয়ে ফুলপুর থানায় মামলা করলে র্যাব ২৪ ঘণ্টার মধ্যে অপরাধী রুবেলকে গ্রেফতার করে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় র্যাব।
এদিকে ময়মনসিংহের ত্রিশালে বুদ্ধিপ্রতিবন্ধীকে (১৬) ধর্ষণ মামলার একমাত্র অভিযুক্ত মো. কলিম উদ্দিন ওরফে কলম উদ্দিনকে (৫৮) গ্রেফতার করেছে র্যাব। বুধবার ভোররাতে জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার উচাখিলা বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। কলম উদ্দিন ত্রিশাল উপজেলার কাঁঠাল ধলাইমান এলাকার বাসিন্দা।
