কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১০:১৯ পিএম
দুই বছর থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে বলে জানান ওই তরুণী।
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের কালিহাতীতে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন করছেন এক কলেজপড়ুয়া তরুণী। বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুর থেকে কালিহাতীর বীরবাসিন্দা ইউনিয়নের টেবি গ্রামে দুই দিন ধরে প্রেমিক কামরুল ইসলামের (২২) বাড়িতে তিনি অনশন করছেন।
স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই কলেজপড়ুয়া তরুণী জানান, দুই বছর থেকে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। প্রেমের ফাঁদে ফেলে প্রেমিক কামরুল ইসলাম বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এখন অস্বীকার করছে। তার পরিবারও এ সম্পর্ক মানতে নারাজ।
এ পরিস্থিতিতে বাধ্য হয়েই প্রেমিকের বাড়িতে গিয়ে অনশন শুরু করেছেন তিনি। বিয়ে না হওয়া পর্যন্ত প্রেমিকের বাড়িতে অনশন করবেন বলেও জানান ওই কলেজপড়ুয়া ছাত্রী।
স্থানীয় ইউপি সদস্য ফজলুল হক জানান, দুই দিন থেকে ওই কলেজপড়ুয়া ছাত্রী বিয়ের দাবিতে প্রেমিক কামরুল ইসলামের বাড়িতে অনশন করছেন।
এদিকে পলাতক থাকায় এ বিষয়ে প্রেমিক কামরুলের মন্তব্য পাওয়া যায়নি।
তবে কামরুলের মা রওশনা বেগম বলেন, ছেলের সঙ্গে ওই মেয়ের প্রেমের সম্পর্ক জানা নেই। তবে এই ছাত্রীর সঙ্গে বিয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল। মেয়ের মা বলেছে আমার মেয়ের চিকিৎসায় মাসে ৪০ হাজার টাকা খরচ লাগে বলে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেন।
এ বিষয়ে কালিহাতী থানার ওসি তৌফিক আজম জানান, এ বিষয়ে ওই কলেজপড়ুয়া ছাত্রীর মা থানায় অভিযোগ দায়ের করেছেন। তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
