ধর্ষণের মামলা করে বাড়িছাড়া বাদী
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ০৩ এপ্রিল ২০২৬, ১০:৪৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ১৫ বছরের তরুণীকে ধর্ষণ মামলার আসামি ৬ মাস হাজতবাসের পর জামিনে বেরিয়ে এসে বাদীকে প্রাণনাশের হুমকি দিচ্ছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আসামির হুমকির মুখে মামলার বাদী ও ধর্ষিতার পিতা বাড়িঘর ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। জীবনের নিরাপত্তা চেয়ে তিনি কুলাউড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ জুন ইউনিয়নের রংগীরকুল গ্রামের মৃত মনফত খার পুত্র সাইফুল খান ছরফর (৪১) ওই তরুণীকে জোরপূর্বক অপহরণ করে শ্রীমঙ্গল উপজেলার দিনারপুর চা বাগানে তার বন্ধু করিম মিয়ার বাড়িতে নিয়ে যায়। সেখানে মেয়েটিকে মুখে কাপড় বেঁধে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে। তরুণীর পিতা কুলাউড়া থানায় অভিযোগ দিলে পুলিশ শ্রীমঙ্গলে অভিযান চালিয়ে মেয়েটিকে উদ্ধার করে ও ধর্ষণের দায়ে অভিযুক্ত সাইফুল খান ছরফরকে আটক করে। ৬ মাস হাজতবাসের পর জামিনে বেরিয়ে আসে আসামি সাইফুল খান।
ধর্ষিতার পিতা অভিযোগ করে বলেন, ধর্ষক সাইফুল জামিনে বেরিয়ে এসে আমাদের জীবন বিষিয়ে তুলেছে। আমার বাড়িতে প্রথমে হামলা করেছে। পরবর্তীতে যেখানে পাচ্ছে সেখানেই মামলা তোলার জন্য হুমকি দিচ্ছে। এমনকি মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা করছে। তার ভয়ে আমি পালিয়ে বেড়াচ্ছি। এমতাবস্থায় থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ সরাসরি মামলা না নিয়ে সাধারণ ডায়েরি হিসেবে গ্রহণ করে। আসলে আমরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছি।
এ ব্যাপারে কুলাউড়া থানার ওসি মনিরুজ্জামান মোল্লা জানান, লিখিত অভিযোগ পেয়েছি। ভিকটিমের পরিবারের সুরক্ষার বিষয়টি পুলিশ সিরিয়াসলি দেখছে।
