Logo
Logo
×
   

সারাদেশ

কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল জব্দ

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১০:৪০ পিএম

কালিগঞ্জে ইউপি চেয়ারম্যানের বাড়ি থেকে ১২০০ লিটার ডিজেল জব্দ

জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়ানোর অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ঝটিকা অভিযান চালানো হয়।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলায় এক ইউপি চেয়ারম্যানের বাড়ি ও গুদামে অভিযান চালিয়ে ১ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করেছে যৌথবাহিনী। রোববার (১২ এপ্রিল) মৌতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. ফেরদাউস মোড়লের বাড়িতে এ অভিযানে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জ্বালানি তেলের কৃত্রিম সংকট সৃষ্টি করে জনদুর্ভোগ বাড়ানোর অভিযোগে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ ঝটিকা অভিযান চালানো হয়। দুপুর ১২টা থেকে বিকাল ৩টা পর্যন্ত সেনাবাহিনীর তত্ত্বাবধানে কালিগঞ্জ উপজেলার মৌতলা ইউনিয়নে বিশেষ এ অভিযান পরিচালিত হয়। এতে ডিজিএফআই ও র্যাবের সমন্বয়ে গঠিত একটি দল অংশ নেয়।

সিনিয়র ওয়ারেন্ট অফিসার তোফাজ্জলের নেতৃত্বে পরিচালিত অভিযানে চেয়ারম্যানের বাড়ি ও ব্যক্তিগত গুদাম থেকে ছয়টি ব্যারেলে সংরক্ষিত মোট ১ হাজার ২০০ লিটার ডিজেল জব্দ করা হয়। একই সঙ্গে আরও ১৬টি খালি ব্যারেল উদ্ধার করা হয়েছে।

অভিযানকালে উপস্থিত ছিলেন সাতক্ষীরার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইস্তিয়াক আহমেদ অপু। তিনি ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে অবৈধভাবে জ্বালানি তেল মজুতের দায়ে চেয়ারম্যানকে ১০ হাজার টাকা জরিমানা করেন।

যৌথ বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষকে জিম্মি করে জ্বালানি ও নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে। বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলাজুড়ে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .