কাজে গাফিলতি ও অনিয়মের প্রমাণ পেলে চাকরি যেতে পারে: বাবর
মদন (নেত্রকোনা) প্রতিনিধি
প্রকাশ: ১২ এপ্রিল ২০২৬, ১০:৪৯ পিএম
মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে বলে মন্তব্য করেছেন লুৎফুজ্জামান বাবর। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
কাজে গাফিলতি ও অনিয়মের প্রমাণ পেলে চাকরি থাকবে না, এক্ষেত্রে কাউকে ছাড়ও দেওয়া হবে না বলে জানিয়েছেন নেত্রকোনা-৪ আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। রোববার (১২ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাবর বলেন, আমি আপনাদের সঙ্গে নিয়মিত মাসিক সভা করার চেষ্টা করব। সম্ভব না হলে জুম মিটিংয়ে যুক্ত হব। আপনারা মোবাইল নম্বর ও ছবিসহ প্রয়োজনীয় তথ্য দিলে নিয়মিত যোগাযোগ রাখব।
এ সময় মাদকবিরোধী অবস্থান তুলে ধরে তিনি বলেন, মাদকসেবীর চেয়ে মাদককারবারিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া জরুরি। মাদক একটি পরিবার ও সমাজকে ধ্বংস করে। এ কাজে দলের কেউ জড়িত থাকলে তার বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বেদবতী মিস্ত্রীর সভাপতিত্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল কাদির, রাজনৈতিক একান্ত সচিব মির্জা হায়দার আলী, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহম্মদ সেকুল, সাংগঠনিক সম্পাদক ফজলে এলাহী টোটন, শামছুল আলম লালুসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
