সাংবাদিক আলিফ হত্যা মামলায় যুবক গ্রেফতার
Advertisement
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, ০৯:৪৭ এএম
সাজেবুল ইসলাম অপূর্ব। ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
নেত্রকোনায় সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলায় সাজেবুল ইসলাম অপূর্ব (২৩) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (১৭ অক্টোবর) রাতে অভিযান চালিয়ে পুরাতন সিনেমা হল রোড থেকে তাকে গ্রেফতার করা হয়।
সাজেবুল ইসলাম অপূর্ব দুর্গাপুর পৌরশহরের উকিলপাড়া এলাকার শমসের আলীর ছেলে। তিনি দুর্গাপুরের অন্যতম সন্ত্রাসী তাজুল ইসলামের সহযোগী বলে নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ওসি খন্দকার সাকের আহমেদ।
এর আগে বৃহস্পতিবার রাতে নেত্রকোনার দুর্গাপুর উপজেলার তেলনজিয়া গ্রামে বাড়ির পাশে একটি দোকানে বসে থাকা অবস্থায় সাংবাদিককে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। রাত সোয়া ৮টার দিকে দুর্গাপুর পৌরসভার শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের কিছুটা ভেতরে তেলনজিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত সাংবাদিক লুৎফুজ্জামান আলিফ ফকির বেসরকারি আইপিটিভি (ইন্টারনেট প্রটোকল টেলিভিশন) চ্যানেল, রূপসী বাংলার নেত্রকোনা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। পাশাপাশি তিনি সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামের একটি ফেসবুক পেজ চালাতেন। সেখানে বিভিন্ন অনিয়ম ও অপরাধের বিষয়ে লেখালেখি করতেন তিনি। তার গ্রামের বাড়ি জেলার কলমাকান্দা উপজেলার পোগলা ইউনিয়নের সুনই গ্রামে।
এর আগে, গত বছরের ১০ নভেম্বর দুপুরে উপজেলার সোমেশ্বরী নদীর তেরিবাজার ঘাট এলাকায় দুর্বৃত্তরা লুৎফুজ্জামানকে কুপিয়ে জখম করে। এ সময় তার সঙ্গে থাকা এক সহকর্মী বাধা দিতে গেলে তাকেও অস্ত্র দেখিয়ে ধাওয়া করা হয়।
বৃহস্পতিবার লুৎফুজ্জামান তেলনজিয়া গ্রামে তার শ্বশুরবাড়ির পাশের একটি দোকানে চা খেয়ে বের হচ্ছিলেন। এ সময় দুই যুবক এসে তাকে লক্ষ্য করে পরপর কয়েকটি গুলি ছোড়ে। গুলির শব্দে স্থানীয় লোকজন ছুটে এলে ওই যুবকেরা দৌড়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা লুৎফুজ্জামানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
