‘সরকারের দেড় মাসেই নির্বাচনি প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে’
জামালপুর প্রতিনিধি
প্রকাশ: ১৪ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বেসামরিক বিমান পরিবহণ ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত বলেছেন, পর্যায়ক্রমে দেশের প্রায় আড়াই কোটি কৃষক কৃষি কার্ডের মাধ্যমে সরাসরি আর্থিক সহায়তা, সার, বীজ এবং অন্যান্য কৃষি উপকরণ সংগ্রহ করতে পারবেন।
তিনি বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র দেড় মাস পার হয়েছে, কিন্তু এর মধ্যেই নির্বাচনি প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নের কাজ শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুরে জামালপুরের ইসলামপুর উপজেলার নাপিতের চর বাজার ঈদগাহ মাঠে প্রধানমন্ত্রী তারেক রহমানের ভিডিও কনফারেন্সের মাধ্যমে কৃষক কার্ড বিতরণ কর্মসূচি উদ্বোধন অনুষ্ঠানে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত এসব কথা বলেন।
তিনি বলেন, আগে বিরোধীপক্ষ থেকে সমালোচনা করা হতো যে, কৃষি কার্ড পেতে নেতাদের টাকা দিতে হবে। কিন্তু এখন আধুনিক পদ্ধতির কারণে কৃষকরা সরাসরি তাদের মোবাইলে টাকা পেয়ে যাবেন, যার ফলে কোনো মধ্যস্বত্বভোগী বা দুর্নীতির সুযোগ থাকবে না।
প্রতিমন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সময়ের মতো আবারও খাল খনন কর্মসূচি শুরু করা হয়েছে। সারা দেশে ২০ হাজার কিলোমিটার খাল কাটার যে লক্ষ্যমাত্রা ছিল, তার কাজ শুরু হয়েছে।
তিনি আরও বলেন, ইমাম-মোয়াজ্জেনদের জন্য প্রতিশ্রুতি অনুযায়ী কার্ড এবং চেক বিতরণ করা হয়েছে।
এ সময় বক্তব্য রাখেন- জামালপুর-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শাহ মো. ওয়ারেছ আলী মামুন, জামালপুর-২ আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবু, জামালপুর-৩ আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুল, জেলা প্রশাসক মোহাম্মদ ইউসুপ আলী, জেলা পরিষদের প্রশাসক বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক ও পুলিশ সুপার মোছা. ফারহানা ইয়াসমিন।
এ সময় ইসলামপুর উপজেলার গাইবান্ধা ইউনিয়নের ১১৫ জন কৃষক ও কৃষাণীর মাঝে কৃষক কার্ড বিতরণ এবং ৪৬০টি গাছের চারা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় কৃষক, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
