Logo
Logo
×
   

সারাদেশ

প্রেমের সম্পর্কে পালিয়ে যায়, ফিরে এসে বোনের বাড়িতে ছাত্রীর মৃত্যু

Icon

‎গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পিএম

প্রেমের সম্পর্কে পালিয়ে যায়, ফিরে এসে বোনের বাড়িতে ছাত্রীর মৃত্যু

‎গাইবান্ধা সদর উপজেলায় মোনালিসা আক্তার নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। প্রেমের সম্পর্কে একই বিদ্যালয়ের এক ছাত্রের সঙ্গে পালিয়ে যায় ওই ছাত্রী। পরে ফিরে এসে বোনের বাড়িতে ওঠে।

বৃহস্পতিবার রাতে সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোরমনই এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে লাশ উদ্ধার করেছে সদর থানা পুলিশ।

শুক্রবার দুপুরে মৃত্যুর বিষয়টি স্বীকার করেছেন ইউপি চেয়ারম্যান মাসুম হক্কানী।

‎মৃত মোনালিসা (১৫) গাইবান্ধা সদর উপজেলার খোলাহাটি ইউনিয়নের পশ্চিম কোরমনই এলাকার হান্নান মিয়ার মেয়ে। সে স্থানীয় এনএইচ মডার্ন উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী ছিল।

‎পুলিশ জানায়, মঙ্গলবার একই এলাকায় গোলাপ মিয়ার ছেলে শ্রাবণের সঙ্গে প্রেমের সম্পর্কে বিয়ে করতে বাড়ি থেকে পালিয়ে যায়। পরে মেয়ের পরিবারের পক্ষে থেকে নিখোঁজের ব্যাপারে সদর থানায় সাধারণ ডায়েরি করেন। স্থানীয় মেম্বারের মাধ্যমে সালিশ করে মেয়েকে ফিরিয়ে নিয়ে যান তার পার্শ্ববর্তী বড় বোন লিমার বাড়িতে।

সেখানে বৃহস্পতিবার রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে মোনালিসা। গুরুতর অসুস্থ মোনালিসাকে গাইবান্ধা জেনারেল হাসপাতালে না নিয়ে বোনের বাড়িতে রেখে স্থানীয় ডাক্তার এরশাদ মিয়াকে বাড়িতে ডেকে তার চিকিৎসা করা হয়। তার চিকিৎসাধীন অবস্থায় মোনালিসার মৃত্যু হয়।

‎খোলাহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুম হক্কানি জানান, মোনালিসা ও প্রেমিক শ্রাবণ একই বিদ্যালয়ে পড়াশোনা করার সুবাদে তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। শ্রাবণ ওই বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী।

‎এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার বিদ্রোহ কুমার কুণ্ডু বলেন, শুক্রবার সকালে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ গাইবান্ধা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .