ভাইদের মধ্যে জমি নিয়ে বিরোধ, প্রতিবেশীর লাথিতে বড় ভাই নিহত
Advertisement
সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১১:০৭ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জের সিংগাইরে ভাইদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে প্রতিবেশীর লাথিতে বড় ভাই নজরুল খন্দকার (৬২) নিহত হয়েছেন এবং তার ছেলে অভি খন্দকার (২৮) গুরুতর আহত হয়েছেন।
শুক্রবার (২৪ এপ্রিল) বিকাল সাড়ে ৩টার দিকে উপজেলার সিংগাইর পৌরসভার গোলড়া গ্রামে এ ঘটনাটি ঘটে।
নিহত নজরুল খন্দকার ওই এলাকার মৃত গিয়াসউদ্দিন খন্দকারের ছেলে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, বড় ভাই নজরুল খন্দকারের সঙ্গে তার ছোট ভাই ওহেদ খন্দকার ও তার ভাতিজাদের দীর্ঘদিন যাবত জমি নিয়ে বিরোধ চলে আসছিল।
শুক্রবার বিকাল সাড়ে ৩টার দিকে নিজ বাড়িতে দুপক্ষের উপস্থিতিতে বিরোধপূর্ণ জমির সমাধানের লক্ষ্যে স্থানীয়রা উদ্যোগ নেন। এ সময় স্থানীয়রা অভিযুক্ত ওহেদ গংদের ডাকলে তারা ক্ষিপ্ত হয়ে সংঘর্ষ বাধায়। এদের মধ্যে প্রতিবেশী হাবিবুর রহমানের ছেলে নিশাদ (১৮) অভিযুক্তদের পক্ষ নিয়ে নজরুল খন্দকারকে লাথি মারলে তিনি মাটিতে লুটিয়ে পড়েন।
অপরদিকে তার ছেলে অভি খন্দকারকে ইট দিয়ে আঘাত করলে মারাত্মক রক্তাক্ত জখম হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক নজরুল খন্দকারের অবস্থা আশঙ্কাজনক দেখে উন্নত চিকিৎসার জন্য অন্যত্র রেফার্ড করেন। পরে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে তার মৃত্যু হয়।
এদিকে নিহত নজরুল খন্দকারের ছেলে অভি খন্দকার গুরুতর অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পরবর্তী আইনগত বিষয় প্রক্রিয়াধীন।

