পাচারের সময় ডিজেলভর্তি ট্যাংকলরি জব্দ
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৬, ১০:৪১ পিএম
পাচারের সময় ডিজেলভর্তি ট্যাংকলরি জব্দ
|
ফলো করুন |
|
|---|---|
চাঁপাইনবাবগঞ্জে তেল পাচারের সময় ডিজেলভর্তি ট্যাংকলরি জব্দ করা হয়েছে। জেলার ভোলাহাট উপজেলার একটি ইটভাটার পাশে গোপনে তেল পাচারের সময় ডিজেলভর্তি একটি ট্যাংকলরি জব্দ করেছে পুলিশ।
এ সময় লরি থেকে তেল পাচারের সময় একটি নসিমন (ভটভটি), ৪টি ট্রলি, ২টি চার্জার ভ্যান এবং অর্ধশতাধিক ড্রাম ও জার (জারকিন) জব্দ করে ভোলাহাট থানা পুলিশ।
সোমবার (২৭ এপ্রিল) দিবাগত রাত পৌনে ২টার দিকে ভোলাহাট উপজেলার স্থানীয় মেসার্স হিরো ব্রিক (হিরো ভাটা) নামে ইটভাটার সামনে তেল পাচারকালে এ ঘটনা ঘটে।
মঙ্গলবার দুপুরে পুলিশ ও উপজেলা প্রশাসন বিষয়গুলো নিশ্চিত করেন।
অতিরিক্ত পুলিশ সুপার (গোমস্তাপুর সার্কেল) মো. হাসান তারেক বলেন, গোপন সংবাদের ভিত্তিতে হিরো ইটভাটার সামনে তেলবাহী ১টি লরি থেকে বিভিন্ন ড্রামে তেল ভর্তি করার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যায়। পরে সেখান থেকে ৪টি ট্রলি ও ২টি চার্জার ভ্যান এবং অর্ধশত ড্রাম ও জার জব্দ করেছি।
তিনি আরও জানান, লরিটি কোন কোম্পানির এবং কোন ডিপো থেকে তেল নিয়ে আসছিল তা তদন্ত হচ্ছে। চালক ও পাচারের সঙ্গে জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে এবং সুষ্ঠু তদন্তসাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ভোলাহাট উপজেলায় মেসার্স ভোলাহাট ফিলিং স্টেশন নামক একটি মাত্র পাম্প থাকলেও পাম্প মালিক আব্দুল লতিফ জব্দকৃত লরিটি তাদের নয় বলে দাবি করেছেন।
ভোলাহাট উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সানাউল মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ডিজেলসহ ট্যাংকলরিটি কার সেটা এখনও নিশ্চিত নয়। তবে লরিটিতে ৭ থেকে ৯ হাজার লিটার ডিজেল ছিল। নথিপত্র মোতাবেক ভোলাহাটের পাম্পের জন্য তেল বরাদ্দ হয়েছে মঙ্গলবার। সেই হিসেবে বুধবার বরাদ্দকৃত তেল বিক্রয় হওয়ার কথা। তারপরও লরি চালকসহ সংশ্লিষ্টদের আটকের পর এবং তদন্তসাপেক্ষে তেল পাচারের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনা হবে বলে জানান তিনি।
