Logo
Logo
×

সারাদেশ

ছাত্রজনতা আন্দোলনে সবুজ হত্যা

হাজারী-মাসুদসহ ১২৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, সাক্ষ্যগ্রহণ ২৩ জুন

Icon

ফেনী প্রতিনিধি

প্রকাশ: ০৫ মে ২০২৬, ১০:৪৪ পিএম

হাজারী-মাসুদসহ ১২৪ আসামির বিরুদ্ধে চার্জ গঠন, সাক্ষ্যগ্রহণ ২৩ জুন

ফেনীর মহিপালে ৪ আগস্ট সংঘটিত বহুল আলোচিত ছাত্রজনতার আন্দোলনে সবুজ হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী ও মাসুদ উদ্দিন চৌধুরীসহ ১২৪ জন আসামির বিরুদ্ধে আদালত চার্জ গঠন করেছেন।

মঙ্গলবার (৫ মে) ফেনীর সিনিয়র জেলা ও দায়রা জজ মোহা. সিরাজুদ্দৌলাহ কুতুবী এই আদেশ দেন।

এর মধ্য দিয়ে মহিপালে সংঘটিত গণহত্যার ঘটনায় এখন পর্যন্ত দায়ের হওয়া ২৪টি মামলার মধ্যে প্রথম কোন মামলার বিচার শুরু হলো।

বাদীপক্ষের আইনজীবী মেজবাহ উদ্দিন ভুঁইয়া যুগান্তরকে জানান, আগামী ২৩ জুন থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হবে। মামলার শুরু থেকেই ৭১ জন আসামি পলাতক রয়েছেন। বর্তমানে ৭ জন আসামি কারাগারে আটক এবং ৪৬ জন জামিনে মুক্ত আছেন। দীর্ঘদিন ধরে আলোচিত এ মামলার অগ্রগতি নিয়ে স্থানীয়দের মধ্যে নানা প্রত্যাশা তৈরি হয়েছে বলে জানান তিনি।

২০২৫ সালের ২৯ নভেম্বর মামলার তদন্ত কর্মকর্তা উপ-পরিদর্শক (এসআই) মো. ফারুক মিয়া তদন্ত শেষে এজাহারনামীয় ৬৫ জন এবং নতুন করে শনাক্ত ৫৯ জনসহ মোট ১২৪ জনকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট জমা দেন।

২০২৪ সালের ৪ আগস্ট মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্বিচারে করা গুলিতে প্রাণ হারান টমটম চালক মো. সবুজ। পরে ওই বছরের ১৩ আগস্ট সবুজের ভাই মো. ইউছুফ বাদী হয়ে ফেনী মডেল থানায় হত্যা মামলা দায়ের করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম