Logo
Logo
×

সারাদেশ

সুন্দরবনে ১১ জেলে অপহরণ, ১ লাখ টাকা করে মুক্তিপণ দাবি

Icon

শরণখোলা প্রতিনিধি

প্রকাশ: ০৬ মে ২০২৬, ১০:৩৫ পিএম

সুন্দরবনে ১১ জেলে অপহরণ, ১ লাখ টাকা করে মুক্তিপণ দাবি

সুন্দরবনে ১১ জেলেকে অপহরণ করেছে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী। জেলেদের মুক্তির জন্য জনপ্রতি ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দস্যুরা।

রোববার (৩ মে) দিবাগত রাতে পূর্ব সুন্দরবনের আলোরকোল এলাকা থেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী মুক্তিপণের দাবিতে ওই ১১ জেলেকে অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে আটকে রেখেছে।

শরণখোলার উত্তর রাজাপুর গ্রামের কুদ্দুস হাওলাদার বুধবার (৬ মে) বিকালে জানান, তার ছেলে রাকিব হাওলাদার (২৪) সুন্দরবনে মাছ ধরতে গিয়ে ৩ মে রাতে বনদস্যুদের হাতে অপহৃত হয়েছে।

একই এলাকার আলতাফ হাওলাদার বলেন, তার ভাইয়ের ছেলে ছগিরকে (৩২) সুন্দরবনে বনদস্যুরা অপহরণ করেছে।

নাম প্রকাশ না করার শর্তে জেলেদের মহাজন ও শরণখোলার রাজাপুর এলাকার মৎস্য ব্যবসায়ী বলেন, মুক্তিপণের দাবিতে তাদের তিন মহাজনের ১১ জেলেকে বনদস্যু জাহাঙ্গীর বাহিনী গত ৩ মে রাতে সুন্দরবনের আলোরকোল এলাকা থেকে একটি নৌকাসহ অপহরণ করে সুন্দরবনের অজ্ঞাত স্থানে আটকে রেখেছে।

অপহৃত অপর ৯ জেলে হলেন- উত্তর রাজাপুর গ্রামের লুৎফর হাওলাদার (৩০), বাদল হাওলাদার (৩৫), সজিব হাওলাদার (২৭), রুবেল হাওলাদার (৩০), হাফিজুল (২২), আলমগীর ফরাজী (৫০), ইয়াসিন হাওলাদার (২৩) এবং পাথরঘাটার পদ্মাস্লুইস এলাকার রুবেল (২৫) ও খুলনার বটিয়াঘাটার দেব চন্দ্র (২৫)।

এছাড়াও দস্যুদের কব্জায় আরও কয়েকজন জেলে ও মৌয়ালী আটক রয়েছেন। বর্তমানে সুন্দরবনে বনদস্যুদের নীরব মুক্তিপণ বাণিজ্য  চলছে। জেলে মৌয়ালরা দিশেহারা হয়ে পড়েছেন। সুন্দরবনে মাছ ধরতে গিয়ে আবার বিপদে পড়বে এই ভয়ে কেউ মুখ খুলতে সাহস পায় না বলে ওই মহাজনরা জানান।

দস্যুরা জেলেদের মুক্তির জন্য মোবাইল ফোনে জনপ্রতি এক লাখ টাকা দাবি করেছে বলে জানান তারা।

শরণখোলা থানার ওসি মো. শামিনুল হক বলেন, সুন্দরবনে ১১ জেলে অপহরণের খবর তার জানা নেই। কেউ কোনো অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম