গাজীপুরে পোশাক কারখানায় অসুস্থ হয়ে অর্ধশতাধিক শ্রমিক হাসপাতালে
Advertisement
যুগান্তর প্রতিবেদন ও গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ১১ মে ২০২৬, ০৬:১৪ পিএম
গাজীপুরে পোশাক কারখানায় অসুস্থ হয়ে অর্ধশতাধিক শ্রমিক হাসপাতালে
|
ফলো করুন |
|
|---|---|
গাজীপুরের ভোগরা চৌধুরী বাড়ি এলাকায় প্যান এশিয়া ক্লদিং লিমিটেড কারখানার অর্ধ শতাধিক শ্রমিক হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় একদিনের সাধারণ ছুটি ঘোষণা করেছে।
শিল্প পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর ভোগড়া বাইপাস এলাকার বাংলাদেশে প্যান এশিয়া ক্লদিং লিমিটেড তৈরি পোশাক কারখানার শ্রমিকরা সকালে কাজে যোগ দিলে বেশ কয়েকজন অসুস্থ বোধ করেন। এর দেখাদেখি বেশ কয়েকজন শ্রমিক অসুস্থ বোধ করলে অন্তত ৫০ জনকে স্থানীয় তায়েরুন্নেছা মেডিকেল কলেজ হাসপাতাল ও শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। প্রাথমিক চিকিৎসা শেষে বেশিরভাগ শ্রমিকই বাড়ি ফিরে গেলেও বেশ কয়েকজন এখনো ভর্তি আছেন। তবে তারা সবাই আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
কারখানা সূত্রে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে প্রায় ২ হাজার ২০০ শ্রমিক কর্মরত রয়েছেন। সোমবার সকালে কাজ চলাকালে হঠাৎ অর্ধশতাধিক শ্রমিক মাথা ঘুরে অসুস্থ হয়ে পড়েন। পরে তাদের মধ্যে অন্তত ৪০ জনকে চিকিৎসার জন্য তায়েরুন্নেছা মেমোরিয়াল মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাদের চিকিৎসা চলছে।
কারখানাটির সিনিয়র এক্সিকিউটিভ হারুন অর রশিদ বলেন, আমি সকালে কারখানায় ছিলাম। হঠাৎ দেখি প্রায় অর্ধশত শ্রমিক মাথা ঘুরে পড়ে যায়। তাদের মধ্যে ৪০ জন অসুস্থ শ্রমিককে নিয়ে হাসপাতালে ভর্তি করা হয়েছে। ডাক্তাররা পরীক্ষা-নিরীক্ষা শেষে কী কারণে তারা অসুস্থ হয়েছেন, তা জানাতে পারবেন।
গাজীপুরের সিভিল সার্জন মামুনুর রশীদ বলেন, শ্রমিকরা গণমনস্তাত্ত্বিক রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। তাদের অনেকেরই মাথা ঘোরানো ও বমির সমস্যা দেখা যাচ্ছে।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার আমজাদ হোসেন জানিয়েছেন, হাসপাতাল পরিদর্শন করে রোগীদের খবর নিয়েছি। চিকিৎসকরা ‘ম্যাস সাইকোজেনিক ইলনেস’ বলে জানিয়েছে। সবাই আশঙ্কামুক্ত আছেন। এখন পর্যন্ত আমরা দুটি হাসপাতালে ৫৫ জনের ভর্তি হওয়ার খবর পেয়েছি।
