ময়মনসিংহে গত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরও ২ শিশুর মৃত্যু
ময়মনসিংহ ব্যুরো
প্রকাশ: ১৩ মে ২০২৬, ০৬:১১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে হামে আক্রান্ত চিকিৎসাধীন দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ মে) সকাল থেকে বুধবার (১৩ মে) সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় তাদের মৃত্যু হয়। এ নিয়ে হাসপাতালটিতে হাম আক্রান্ত হয়ে ৩১ শিশুর মৃত্যু হলো।
বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেন হাসপাতালের সহকারী পরিচালক (প্রশাসন) ডা. মাইনউদ্দিন খান।
তিনি জানান, গত ১১ মে জামালপুর সদর থেকে তিন মাস বয়সি এক ছেলে শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে ১২ মে রাতে চিকিৎসাধীন অবস্থায় শিশুটির মৃত্যু হয়। এছাড়া গত ৫ মে ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ থেকে ১০ মাস বয়সি আরেক ছেলে শিশু হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়। বুধবার (১৩ মে) ভোরে চিকিৎসাধীন অবস্থায় শিশুটি মারা যায়। দুই শিশুই হামের উপসর্গের পাশাপাশি নিউমোনিয়ায় আক্রান্ত ছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে নতুন করে ২৩ শিশু ভর্তি হয়েছে। একই সময়ে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২১ শিশু। বর্তমানে আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে ৯৬ শিশু।
গত ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত হামের লক্ষণ নিয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে মোট ১ হাজার ২৯৩ শিশু ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ হাজার ১৬৬ শিশু।
