Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

Advertisement

Icon

জাভেদ মোস্তফা, যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ১৮ মে ২০২৬, ০৬:৩৮ পিএম

আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

বকেয়া বেতন-ভাতার দাবিতে ডিইপিজেডের সামনে অবস্থান নেন বন্ধ হয়ে যাওয়া চারটি কারখানার শ্রমিকরা। ছবি: যুগান্তর

Advertisement

বকেয়া বেতন-ভাতার দাবিতে সাভারের আশুলিয়ায় ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (ডিইপিজেড) প্রধান ফটকের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ ও মানববন্ধন করেছেন চারটি কারখানার শতশত শ্রমিক। এ কর্মসূচিকে কেন্দ্র করে ওই এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। শ্রমিকদের সাফ ঘোষণা- আসন্ন ঈদের আগে বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা না হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে। 

জানা যায়, শ্রমিকদের পাওনা প্রায় একশত কোটি টাকা আাদালতে করা একটি রিটের কারণে ঝুলে আছে।  

সোমবার (১৮ মে) সকাল থেকেই ডিইপিজেডের সামনে অবস্থান নেন চাইনিজ মালিকানাধীন এক্টর স্পোর্টিং লিমিটেড, সাউথ চায়না লিমিটেড, গোল্ডটেক্স গার্মেন্টস লিমিটেড ও গোল্ডটেক্স টেক্সটাইল লিমিটেড নামের বন্ধ হয়ে যাওয়া চারটি কারখানার শ্রমিকরা।  

বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন মো. জিন্নাত হোসেন, মৃন্ময় গোপাল রাজবংশী, আবুল খায়ের, মো. শিমুল, মোহাম্মদ আনিস, আমিনুর রহমান, নাজমা বেগম, পারভিন আক্তার প্রমুখ।

বিক্ষুব্ধ শ্রমিকরা অভিযোগ করে জানান, গত বছরের ২৩ অক্টোবর আকস্মিক নোটিশ দিয়ে এই চারটি কারখানা বন্ধ ঘোষণা করে কর্তৃপক্ষ। ফলে রাতারাতি বেকার হয়ে পড়েন প্রায় তিন হাজার শ্রমিক। পরবর্তীতে ইপিজেড শ্রম আইন অনুযায়ী গত বছরের ২৫ নভেম্বর সকল শ্রমিক ও কর্মকর্তা-কর্মচারীকে ছাঁটাই করা হয়। নিয়ম অনুযায়ী ছাঁটাইয়ের ১৫ কার্যদিবসের মধ্যে বকেয়া পাওনা পরিশোধের কথা থাকলেও বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চল কর্তৃপক্ষের (বেপজা) গাফিলতি ও নানা টালবাহানায় দীর্ঘ ৮ মাসেও শ্রমিকরা তাদের ন্যায্য টাকা বুঝে পাননি। 

  

মানববন্ধনে শ্রমিকরা তাদের দুর্বিষহ জীবনের চিত্র তুলে ধরে বলেন, দীর্ঘ ৮ মাস কর্মহীন থাকায় পরিবার নিয়ে তারা চরম অসহায় ও মানবেতর জীবনযাপন করছেন। সন্তানদের পড়াশোনা ও ভরণপোষণ, বৃদ্ধ বাবা-মায়ের চিকিৎসার খরচ এবং ঘর ভাড়া দিতে না পেরে শ্রমিকরা মানসিকভাবে ভেঙে পড়েছেন। দেনায় জর্জরিত হয়ে অনেক শ্রমিকের মধ্যে চরম হতাশা ও আত্মহননের প্রবণতা দেখা দিচ্ছে বলে আশঙ্কার কথা জানান তারা। 

শ্রমিকরা দ্রুততম সময়ের মধ্যে বকেয়া আদায়ের জন্য সরকারের উচ্চপর্যায়ের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। অন্যথায় ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধসহ আরও বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।

বিষয়টি নিশ্চিত করে আশুলিয়া শিল্পাঞ্চল পুলিশ-১–এর পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া যুগান্তরকে বলেন, শ্রমিকদের দাবিগুলো দ্রুত মেনে নেওয়ার বিষয়ে আমাদের তরফ থেকেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তবে তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশের পক্ষ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না।

এ ব্যাপারে ঢাকা ইপিজেডের নির্বাহী পরিচালক শরীফুল ইসলাম দুপুরে মোবাইল ফোনে যুগান্তরকে জানান, ৪টি কোম্পানির  শ্রমিকদের প্রায় এক শত কোটি টাকা বকেয়া রয়েছ। আমরা কোম্পানির মালামাল বিক্রি করে তা পরিশোধ করতে সক্ষম। তবে ওই কারখানা চারটির মালিকের পক্ষ থেকে আদালতে করা একটি রিটের কারণে বিক্রির বিষয়টি ঝুলে আছে। কোর্টের প্রতিবন্ধকতা ও রিট পিটিশন ভেকেন্ট হলেই দ্রুত কারখানাগুলো বিক্রি করে তাদের পাওনা বুঝিয়ে দেবে বেপজা।  

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

মহাখালী-তেজগাঁও সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

চাকরি হারালেন ১৮৬৮ গার্মেন্টকর্মী, প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

খুদে বার্তায় ঈদ আনন্দ মাটি চাকরি হারালেন ১৮৬৮ গার্মেন্টকর্মী, প্রতিবাদে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ

বাস ভাড়া বৃদ্ধি

বাস ভাড়া বৃদ্ধি

উৎপাদন ও বিপণন খরচে বড় ধাক্কা

তেলের মূল্য বৃদ্ধির প্রভাব পোশাক খাতে উৎপাদন ও বিপণন খরচে বড় ধাক্কা

গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার

গ্যাস সংকটে পোশাক কারখানায় উৎপাদন ৫০% কমেছে: ঢাকা চেম্বার

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

ঈদের ছুটির আগেই শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধের নির্দেশ

আরও পড়ুন

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

সরকারি দামের চেয়ে বেশি দামে ফেনীতে এলপিজি বিক্রি

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

রংপুরে কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

শিক্ষা ব্যবস্থা শক্তিশালী বলেই আমেরিকা বিশ্বমঞ্চে সেরা: ড. মঈন খান

শিক্ষা ব্যবস্থা শক্তিশালী বলেই আমেরিকা বিশ্বমঞ্চে সেরা: ড. মঈন খান

বিদ্যালয়ের সভায় ‘কথা কস ক্যারে’ বলে শিক্ষিকাকে থাপ্পড় শিক্ষকের

বিদ্যালয়ের সভায় ‘কথা কস ক্যারে’ বলে শিক্ষিকাকে থাপ্পড় শিক্ষকের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম