প্রেমিকের হাত ধরে পালানোর ৪ দিন পর নববধূর লাশ মিলল হাসপাতালে
ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৬, ১০:৪০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের ঘাটাইলে প্রেমিকের হাত ধরে পালানোর ৪ দিন পর নববধূ সূচনার (১৭) লাশ উদ্ধার করেছে ঘাটাইল থানা পুলিশ। রোববার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে তার লাশটি উদ্ধার করা হয়।
জানা যায়, এক মাস আগে মধুপুর উপজেলার মাইজবাড়ি গ্রামের আলমের সঙ্গে বিয়ে হয় সূচনার। গত ১৪ মে রাতে ঘাটাইল উপজেলার সত্তুর বাড়ি গ্রামের সরোয়ারের ছেলে প্রেমিক শাওয়ালের (১৮) হাত ধরে শ্বশুরবাড়ি থেকে নিরুদ্দেশ হয় সূচনা। পরে উভয় পরিবারের সমঝোতায় বিয়ের আশ্বাস দেওয়া হলে শনিবার রাতে তাদের নিয়ে আসা হয় কলেজপাড়ার স্থানীয় ইউপি চেয়ারম্যান গিয়াসউদ্দিন বাবুর ভাড়া বাসায়।
স্থানীয়রা জানান, ইউপি চেয়ারম্যান ও তার স্ত্রী বাসায় না থাকায় অভিযুক্ত ছেলে শাওয়াল ও তার বাবা মার হেফাজতেই থাকে সুচনা। ঘটনার সময় সন্ধ্যা ৬টার দিকে সুচনা ও ছেলের মা একই রুমে বসে ছিল। এমন সময় সুচনা কৌশলে পানি পান করতে চাইলে ছেলের মা পাশের রুমে পানির জন্য যায়। ইতোমধ্যে সুচনা রুমের ছিটকিনি মেরে ফ্যানের সঙ্গে ওড়না প্যাঁচিয়ে আত্মহত্যা করে। পরে এলাকাবাসীর সহযোগিতায় রুমের দরজা ভেঙ্গে সূচনার ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে ফেলে। স্থানীয়দের সহযোগিতায় উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঘাটাইল থানার পরিদর্শক (তদন্ত) প্রভাষ কুমার বসু বলেন, ঘাটাইল স্বাস্থ্য কমপ্লেক্স থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করেনি পুলিশ।
