Logo
Logo
×

Advertisement

সারাদেশ

সালিশে আইনজীবীদের হামলায় আহত ৭, সাংবাদিক-পুলিশ লাঞ্ছিত

Icon

‎চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ১৮ মে ২০২৬, ১০:৪৯ পিএম

সালিশে আইনজীবীদের হামলায় আহত ৭, সাংবাদিক-পুলিশ লাঞ্ছিত

‎চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতি

Advertisement

‎চাঁপাইনবাবগঞ্জ জেলা আইনজীবী সমিতিতে একটি সালিশি বৈঠকে বিরোধকে কেন্দ্র করে আটকে রেখে আইনজীবীদের হামলায় ৭ জন আহত হয়েছেন। ‎আহতদের মধ্যে দুইজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছে পুলিশ।

হামলার সাড়ে চার ঘণ্টা পর রাত ১২টার দিকে আইনজীবী সমিতির ভবন থেকে আরও দুই আহতকে অবরুদ্ধ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। এ নিয়ে মোট ৭ জনকে উদ্ধার করে পুলিশ।

আহতদের ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

রোববার বিকাল থেকে রাত ১২টা পর্যন্ত আটকে রেখে বেধড়ক মারধরের অভিযোগ উঠে আইনজীবী ও তাদের সহকারীদের বিরুদ্ধে।

‎জানা যায়, রোববার বিকালে একটি সালিশকে কেন্দ্র করে বিরোধের এক পর্যায়ে ইমাম হাসান বারু নামের এক ব্যক্তিকে আটকে মারধর করে আইনজীবী ও তাদের সহকারীরা। এ সময় বারুর দুই ছেলে ও পরিচিত কয়েকজন তাদেরকে বাঁচাতে এগিয়ে গেলে তাদেরকেও ঘরে আটকে রেখে বেধড়ক মারধর করা হয়। পরে পুলিশ তাদেরকে দফায় দফায় উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করে।

‎জেলা হাসপাতালে চিকিৎসাধীন রেদোয়ান আহমেদ ও স্কুলছাত্র হাসানুল বান্না আকিব জানান, আহত ইমাম হাসান বারু আমাদের পিতা। ঘটনার পর আমাদের মোটরসাইকেল আনতে গেলে আইনজীবীরা আটকে আমাদের দুই ভাইকে বেধড়ক মারপিট করে৷ এ সময় স্কুল ছাত্র হাসানুল বান্না আকিব তার শরীরের বিভিন্ন আঘাতের চিহ্ন সাংবাদিকদের দেখান। সেখানে কর্তব্যরত পুলিশ তাদের অবস্থা গুরুতর হওয়ায় হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে বলে জানান।

‎এদিকে সাড়ে চার ঘণ্টা অবরুদ্ধ করে রাখা দুই কলেজছাত্র সিফাত ও পরশ সাংবাদিকদের জানায়, ঘটনা জানার পর রাত সাড়ে ৮টার দিকে সেখানে গেলে আমাদের মারধর করে উকিলবারের দোতলায় আটকে রাখে। পরে রাত ১২টার দিকে পুলিশ আমাদের উদ্ধার করে নিয়ে আসে।

‎এদিকে বিকালে স্টার টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহমুদুল হাসান তুষার সংবাদ সংগ্রহে গেলে তাকেও আইনজীবী সমিতির সামনে থেকে জোরপূর্বক টেনেহিঁচড়ে তুলে নিয়ে দোতলায় আটকে অবরুদ্ধ করে রাখা হয় এবং তার মোবাইল ফোন ও আইডি কার্ড কেড়ে লাঞ্ছিত করা হয়। এমনকি পুলিশের বিশেষ শাখার এক সদস্যের মোবাইল ফোন কেড়ে হুমকি ও গালিগালাজ করা হয়।

অবরুদ্ধ সাংবাদিক তুষারকে ছুটিয়ে আনতে কয়েকজন সিনিয়র সাংবাদিক ঘটনাস্থলে গেলে তাদেরও লাঞ্ছিত করে আইনজীবীরা।

‎এ ঘটনায় আহত ৭ জনের মধ্যে বেশিরভাগই স্কুল-কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে।

‎এ ঘটনায় সালিশের বাদীপক্ষের আইনজীবী রাসেল আহমেদ রনি জানান, একটি অর্থ সংক্রান্ত মামলায় আদালতের নির্দেশে সালিশ বৈঠক চলাকালে বেশ কয়েকজন বহিরাগত বিবাদীপক্ষের হয়ে আইনজীবীদের ওপর হামলা চালিয়ে গুরুতর আহত করে। একপর্যায়ে আমাদের তরুণ আইনজীবীরা তাদেরও মারধর করে। তবে সাংবাদিকদের বিষয়টি দুঃখজনক, এটা পরিস্থিতিজনিত কারণে হয়েছে বলে জানান তিনি। তবে কোনো সাংবাদিকের ওপর হামলা করা হয়নি বলে তিনি দাবি করেন।

‎বিবাদীপক্ষের আইনজীবী মাসুদ রানা জানান, সালিশের শেষপর্যায়ে বহিরাগতরা কথা কাটাকাটি এবং একপর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এতে আমি নীতিগতভাবে বিব্রত হয়ে পড়ি। এরপর আমি আর কিছু দেখিনি। তবে কয়েকজনকে মারধর ও আটকের কথা শুনেছি বলে জানান তিনি।

‎অতিরিক্ত পুলিশ সুপার এএনএম ওয়াসিম ফিরোজ জানান, এ ঘটনায় আহত মোট ৭ জনকে উকিল বার থেকে উদ্ধার হয়েছে। গুরুতর আহত দুজনকে জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিন জনকে চিকিৎসা শেষে থানা হেফাজতে নেওয়া হয়েছে। খবর পেয়ে রাত ১২টার দুইজনকে উকিল বার থেকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

সোমবার সন্ধ্যায় এ সংবাদ লেখা পর্যন্ত কোনো মামলা দায়ের হয়নি। তবে এ ঘটনায় আহত ৭ জনকে আটক করা হয়েছে বলে জানা গেছে।

Advertisement

Advertisement

আরও পড়ুন

রহস্যজনক ভূমিকায় বিআইডব্লিউটিএ পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

পদ্মার ছয় মৌজায় অবাধে বালু ও মাটি লুট

৪৫ শয্যার ওয়ার্ডে ভর্তি ২১৫ গাছতলায় চিকিৎসা শিশুদের

গাছতলায় চিকিৎসা শিশুদের

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

শান্তির উদ্যোগ আস্থা পায়নি

সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

প্রথম দিনে পৌঁছাল ৮৩৬ পর্যটক উৎসবের আমেজ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম