Logo
Logo
×
   

সারাদেশ

৩০ বছর পর গদাইপুর কুরবানির পশুর হাট বন্ধ

Icon

পাইকগাছা (খুলনা) প্রতিনিধি

প্রকাশ: ২৩ মে ২০২৬, ১০:৪৪ পিএম

৩০ বছর পর গদাইপুর কুরবানির পশুর হাট বন্ধ

খুলনার পাইকগাছার ঐতিহ্যবাহী গদাইপুর কুরবানির পশুর হাট দুইপক্ষের প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ৩০ বছর পর বন্ধ হয়ে যাচ্ছে। নিজেদের প্রভাব বিস্তারে ও গরুর হাটের খাজনা আদায়ের নামে অর্থ বাণিজ্যের লক্ষ্যে এ অবস্থার সৃষ্টি  হয়েছে বলে জানা গেছে। 

কয়েকজন ব্যক্তির কারণে  বিভিন্ন  এলাকার গরুর খামারি, ব্যাপারী, ফড়িয়া, খুচরা গরু লালনপালনকারী ও ক্রেতারা পড়েছেন চরম বিপাকে। বিগত সময়ে কুরবানির ঈদের ১০-১৫ দিন আগেই  কুরবানির পশু বিকিকিনি শুরু হয়ে যেত। সকাল ১০টা থেকে রাত ৮-৯টা পর্যন্ত কুরবানির পশুর হাটে লোক ও পশুতে জমজমাট থাকত; কিন্তু চলতি বছর  ফাঁকা অবস্থা বিরাজ করছে। এতে সবার মধ্যে হতাশা ও ক্ষোভ বিরাজ  করছে। 

গদাইপুরের বাসিন্দা  স্কুলশিক্ষক বাবর আলী গোলদার বলেন, কোনো ঝামেলা ও চাঁদাবাজি ছাড়াই গদাইপুর হাটে অসংখ্য গরু-ছাগল বিক্রি  হতো। এ হাটের একটা ঐতিহ্য ছিল। বিভিন্ন এলাকা  থেকে ক্রেতা ও বিক্রেতাদের মিলন মেলা বসত। 

খুলনা  পাইকগাছা আঞ্চলিক  মহাসড়কের পাশেই  অবস্থিত সব থেকে বড় কোরবানির পশুর হাট এই গদাইপুর। একেবারে স্বার্থসংশ্লিষ্ট  কারণে দুটি পক্ষ হাটের ইজারা নিতে উপজেলা নির্বাহী অফিসার দপ্তরে আবেদন করেন।  দুইপক্ষই অনড় থাকায় বিষয়টি জেলা প্রশাসক দপ্তর পর্যন্ত  গড়ায়। শেষমেশ জেলা প্রশাসক  ইজারা বন্ধ করে দেওয়ায় এ হাটে পশু  বেচাকেনা বন্ধ হয়ে যায়। 

উপজেলার চাঁদখালী, কাসিমনগর বাঁকা ও আগড়ঘাটা নামক স্থানে পশুর হাট বসছে; যা উপজেলার তিন দিকের শেষপ্রান্তে অবস্থিত। ক্রেতারা পড়েছেন চরম ভোগান্তিতে। 

এ বিষয়ে পূর্বের ইজারাদার সাবেক ইউপি সদস্য জবেদ আলী গাজী বলেন, আমি দীর্ঘ কয়েক বছর যাবৎ কুরবানির পশুর হাটটি ইজারা নিয়ে যে খাজনা আদায় করেছি তা স্থানীয় মসজিদের উন্নয়ন কাজে লাগিয়েছি। একটি দুষ্টচক্রের অসৎ উদ্দেশ্যের কারণে এটি বন্ধ হয়ে গেল। তবে আমি আশা করছি কর্তৃপক্ষ সর্বসাধারণের ভোগান্তির কথা বিবেচনা করবেন।

উপজেলা  নির্বাহী  অফিসার ওয়াসিউজ্জামান চৌধুরী বলেন, হাট ইজারা দেওয়ার এখতিয়ার জেলা প্রশাসক স্যারের। তিনি অনুমোদন দিলে হাট বসবে আর না দিলে আমার কিছু করার নেই।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .