বাসের ধাক্কায় অটোরিকশাটি খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়।
|
ফলো করুন |
|
|---|---|
বগুড়ার কাহালুতে বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী মা ও মেয়ে নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশা চালক আহত হয়েছেন।
সোমবার (২৫ মে) বিকালে উপজেলার বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কাহালু থানার ওসি শফিকুল ইসলাম এবং বগুড়া কাহালু ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের লিডার আরজু।
নিহতরা হলেন— বীরকেদার ইউনিয়নের কাজীপাড়া গ্রামের বাবুল তালুকদারের স্ত্রী জেমি আক্তার (৪৫) এবং তার মেয়ে বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী তাইফা আয়েশা তনু (২০)।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, জেমি আক্তার তার মেয়ে তনুকে নিয়ে চিকিৎসার জন্য একটি ব্যাটারিচালিত অটোরিকশায় উপজেলার শেখাহার এলাকার এক চিকিৎসকের কাছে যান। চিকিৎসা শেষে তারা ডেপুইল গ্রামে আত্মীয়ের বাড়ি হয়ে নিজ বাড়ির উদ্দেশে ফিরছিলেন। বিকাল ৪টার দিকে অটোরিকশাটি কাজীপাড়া বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে এভারগ্রিন পরিবহণের একটি রিজার্ভ বাস নিয়ন্ত্রণ হারিয়ে সেটিকে ধাক্কা দেয়।
ধাক্কায় অটোরিকশাটি খাদে পড়ে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই জেমি আক্তার ও তার মেয়ে তনু নিহত হন। স্থানীয় ফায়ার সার্ভিস ও পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় অটোরিকশা চালক একই গ্রামের শাওন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
ফায়ার সার্ভিসের লিডার আরজু জানান, দুর্ঘটনার পরপরই বাসের চালক ও হেলপার বাস ফেলে পালিয়ে যান। পরে পুলিশ বাসটি জব্দ করে। লাশ দুটি ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় কাহালু থানায় সড়ক পরিবহণ আইনে মামলা হয়েছে।
