একা পেয়ে শিশুকে ধর্ষণচেষ্টা, ফেরিওয়ালাকে পিটিয়ে পুলিশে সোপর্দ
Advertisement
বন্দর (নারায়ণগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৬ মে ২০২৬, ০৯:২০ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
নারায়ণগঞ্জের বন্দরে আট বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত যুবককে ধরে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে। মঙ্গলবার (২৬ মে) দুপুরে ২৩নং ওয়ার্ড বন্দরের কাবিলের মোড় এলাকায় এ ঘটনা ঘটে।
জরুরী সেবা নম্বর ৯৯৯ এ কল পেয়ে মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। আহত যুবকের নাম পরিচয় জানা যায়নি। তিনি ভাঙারি ফেরিওয়ালা বলে এলাকাবাসী জানান।
স্থানীয়রা জানান, দুপুরে কাবিলের মোড় এলাকায় আট বছরের ওই শিশুটিকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা চালায় ফেরি করে ভাঙারি ক্রেতা ওই যুবক। এ সময় শিশুটি চিৎকার দিলে আশেপাশের লোকজন ছুটে এসে হাতেনাতে ওই যুবককে ধরে ফেলে। এ সময় উত্তেজিত এলাকাবাসী তাকে গণধোলাই দেয়।
খবর পেয়ে বন্দর থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়। বন্দর থানার এসআই আরিফ তালুকদার জানান, জাতীয় জরুরি সেবা ‘৯৯৯’ নম্বর থেকে কল পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে কাবিলের মোড় এলাকায় উপস্থিত হয়। সেখান থেকে গণপিটুনিতে গুরুতর আহত ও মুমূর্ষু অবস্থায় ওই যুবককে উদ্ধার করা হয়।
তিনি জানান, উদ্ধারের পর যুবকের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে সরাসরি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
