নিখোঁজের দুই দিন পর বিলে মিলল ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ
কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ: ২৭ মে ২০২৬, ০৬:৫১ পিএম
নিহতের স্বজনদের আহাজারি
|
ফলো করুন |
|
|---|---|
টাঙ্গাইলের কালিহাতীতে নিখোঁজের দুই দিন পর একটি বিল থেকে তোফাজ্জল (৩৬) নামের এক মাছ ব্যবসায়ীর বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার বিকালে তার নিজ বাড়ির পাশে বৌলা বিল থেকে তার লাশ উদ্ধার করা হয়। লাশের মাথায় ও ঘাড়ে কয়েকটি ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
নিহত তোফাজ্জল হোসেন উপজেলা সরাগী গ্রামের মৃত মোতালেবের ছেলে।
তোফাজ্জলের স্ত্রী মুন্নি ও মা হালিমন জানান, রোববার (২৪ মে) রাত থেকে নিখোঁজ ছিলেন তোফাজ্জল। পরদিন সোমবার স্থানীয়রা সকালে পুকুর পাড়ে তার ব্যবহৃত মোবাইল ফোন, একটি লাইট এবং রক্তাক্ত স্থান দেখতে পান। এরপর পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি।
সোমবার খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরি দল দিনব্যাপী সরাগী গ্রামের পুকুরসহ আশেপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার খোঁজ পায়নি।
মঙ্গলবার দুপুরে স্থানীয়রা বিলে একটি বস্তাবন্দি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। পরে কালিহাতী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
এ ঘটনায় বুধবার নিহত তোফাজ্জলের মা হালিমন কালিহাতী থানায় মামলা দায়ের করেছেন।
তোফাজ্জলের মা ও স্ত্রী মুন্নির দাবি, তোফাজ্জলকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এরপর লাশ বস্তাবন্দি করে গভীর রাতে বিলের মধ্যে ফেলে দেয় খুনিরা।
স্ত্রী মুন্নি বলেন, যারা আমার স্বামীকে হত্যা করেছে, তাদের খুঁজে বের করে ফাঁসির দাবি জানাচ্ছি।
কালিহাতী থানার ওসি তৌফিক আজম বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। প্রাথমিকভাবে হত্যাকাণ্ড বলে ধারণা করা হচ্ছে।
তিনি আরও বলেন, কেউ তাকে হত্যা করে লাশ বস্তাবন্দি করে বিলের মধ্যে ফেলে দিয়েছে। লাশের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
