মৌলভীবাজারে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, আটক ২
মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ: ০১ জুন ২০২৬, ০৫:৫২ পিএম
মিছিলটি শহরের আল ফালাহ প্রাইভেট হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে জনশক্তি ও কর্মসংস্থান অফিস পর্যন্ত যায়।
|
ফলো করুন |
|
|---|---|
মৌলভীবাজারে ঝটিকা মিছিল করেছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ সময় ধাওয়া দিয়ে দুই নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (১ জুন) ভোর সাড়ে ৬টার দিকে মৌলভীবাজার শহরের শমসেরনগর সড়কের আল ফালাহ হাসপাতালের সামনে এ ঘটনা ঘটে।
আটক ব্যক্তিরা হলেন— মৌলভীবাজার সদর উপজেলার বর্ষিজোড়া এলাকার আবুল হোসেনের ছেলে ফেরদৌস রহমান বাপ্পী (২৫) এবং একই উপজেলার দিগলগর্জী এলাকার সেবুল মিয়ার ছেলে আরমান হোসেন (১৯)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মিছিলটি শহরের আল ফালাহ প্রাইভেট হাসপাতালের সামনে থেকে শুরু হয়ে জনশক্তি ও কর্মসংস্থান অফিস পর্যন্ত যায়। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা ‘শেখ হাসিনা আসবে, রাজপথ কাঁপবে’ এবং ‘জয় বাংলা’সহ বিভিন্ন স্লোগান দেন।
এ সময় পুলিশ তাৎক্ষণিকভাবে মিছিলে ধাওয়া দিয়ে ব্যানারসহ দুই ছাত্রলীগকর্মীকে আটক করে। পরে মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
মৌলভীবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুইজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রস্তুতি চলছে। মিছিলে আর কারা অংশ নিয়েছিল, সেই বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।
