Logo
Logo
×
   

Advertisement

সারাদেশ

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ ঘিরে উত্তাল রাঙামাটি

Advertisement

Icon

রাঙামাটি প্রতিনিধি

প্রকাশ: ০১ জুন ২০২৬, ১০:৪৬ পিএম

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ ঘিরে উত্তাল রাঙামাটি

পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ ঘিরে উত্তাল রাঙামাটি

Advertisement

পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ ঘিরে উত্তাল রাঙামাটি। বিভিন্ন মহলে দেখা দিয়েছে ক্ষোভ, বিক্ষোভ ও তীব্র প্রতিবাদ। তাদের দাবি মন্ত্রী দীপেন দেওয়ান অভ্যন্তরীণ দলীয় কোন্দল ও ষড়যন্ত্রের শিকার। তিনি সম্পূর্ণ সুস্থ। তাকে পদত্যাগে বাধ্য করা হচ্ছে।

অবিলম্বে দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার করে পূর্ণাঙ্গ ক্ষমতায় তাকে মন্ত্রণালয়টির মন্ত্রী বহাল রাখতে হবে।

দাবিটি নিয়ে সোমবার বিকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলটির স্থানীয় নেতাকর্মীরা। তুমুল আলোচনা ও সমালোচনা চলছে ফেসবুকসহ সামাজিক যোগাযোগমাধ্যমে।

এদিন সকালে শারীরিকভাবে অসুস্থতার কারণ উল্লেখ করে প্রধানমন্ত্রী বরাবর পদত্যাগপত্র জমা দেন পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান। তবে এতে শারীরিক অসুস্থতার বিষয় উল্লেখ করা হলেও তিন পার্বত্য জেলা পরিষদ পুনর্গঠন ও প্রশাসনিক কর্মকাণ্ডে প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর হেলালের সঙ্গে বিরোধ এবং জেলা বিএনপির কতিপয় শীর্ষ নেতার সঙ্গে অভ্যন্তরীণ দ্বন্দ্ব আসল কারণ বলে বিভিন্ন মহল থেকে দাবি করা হচ্ছে।

এ খবর ছড়িয়ে পড়লে জনমনে তীব্র ক্ষোভ, বিক্ষোভ ও প্রতিবাদের ঝড় ওঠে। দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহারের দাবিতে এদিন বিকালে জেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ‎প্রায় দেড় ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন জেলা বিএনপির অসংখ্য নেতাকর্মী।

তারা বলেন, দীপেন দেওয়ান শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ। তিনি দায়িত্ব পালনে সক্ষম। তার বিরুদ্ধে দলের স্থানীয় কতিপয় কুচক্রী ও স্বার্থান্বেষী ব্যক্তি গভীর ষড়যন্ত্রে লিপ্ত। তারা দীপেন দেওয়ানকে পদত্যাগে বাধ্য করছেন। তাই আজকে তারা এ কর্মসূচিতে উপস্থিত হননি। এটা রাঙামাটিসহ পাহাড়ের মানুষ কখনো মেনে নেবে না। অবিলম্বে তার পদত্যাগ প্রত্যাহার করে মন্ত্রী পদে বহাল রাখতে হবে। পুনর্বহালের ঘোষণা না দেওয়া পর্যন্ত রাজপথ ছাড়া হবে না।

এ সময় জেলা বিএনপির সহ-সভাপতি সাইফুল ইসলাম চৌধুরী ভূট্টো, সাইফুল ইসলাম পনির, ছাবের আহম্মদ, মুজিবুর রহমার, মানস মুকুর চাকমা, জেলা মহিলা দলের আহ্বায়ক নুর জাহান বেগম পারুল, ইয়াছমিন বাবলীসহ জেলা বিএনপি ও তার অঙ্গ-সহযোগী সংগঠনের বহু নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এছাড়া জেলার বাঘাইছড়ি, কাউখালী উপজেলাসহ বিভিন্ন স্থানে মন্ত্রী দীপেন দেওয়ানের পদত্যাগ প্রত্যাহার দাবিতে বিক্ষোভ সমাবেশ হয়েছে বলে খবর পাওয়া গেছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম