গোপনে বিয়ে করা অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে আসতেই পালালেন সবাই
ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ০৩ জুন ২০২৬, ০৬:৩৫ পিএম
ফুলবাড়ীতে স্বামীর বাড়িতে আসেন নারী
|
ফলো করুন |
|
|---|---|
কুড়িগ্রামের ফুলবাড়ীতে এক যুবকের বিরুদ্ধে ঢাকায় গোপনে বিয়ে করে স্ত্রীকে প্রতারণার অভিযোগ উঠেছে। এদিকে স্বামীর স্বীকৃতি ও আশ্রয়ের দাবিতে অন্তঃসত্ত্বা স্ত্রী বাড়িতে এলে তালা ঝুলিয়ে স্বামী ও তার পরিবারের সদস্যরা আত্মগোপনে গেছেন বলে অভিযোগ করেছেন এক নারী। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর রাবাইটারী এলাকার বাসিন্দা দুলাল নামের একজন ঢাকায় রাজমিস্ত্রির কাজের সুবাদে বরিশালের বিধবা নারী সাথী আক্তারের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়ে প্রায় ছয় মাস পূর্বে ঢাকায় গোপনে বিয়ে করেন। বিধবা নারী বরিশাল জেলার গৌরনদী উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের নোলছিড়া এলাকার মৃত নুর ইসলামের স্ত্রী। পেশায় একটি বেসরকারি হাসপাতালের পরিচ্ছন্নতাকর্মী বলে জানা যায়।
বর্তমানে ওই নারী চার মাসের অন্তঃসত্ত্বা। এরই মধ্যে তিনি জানতে পারেন দুলালের আগের স্ত্রী ও সন্তানও রয়েছে। এরই মধ্যে দুলাল কৌশলে ঢাকা থেকে পালিয়ে বাড়িতে এলে দ্বিতীয় স্ত্রী সাথী আক্তার মঙ্গলবার সকালে ফুলবাড়ীতে তার স্বামীর বাড়িতে আসেন। দুলাল তার স্ত্রীকে দেখতে পেয়ে কৌশলে বাড়ি থেকে পালিয়ে যান।
সাথী আক্তার জানান, স্বামীর পরিবারের সদস্যরা তাকে বাড়িতে প্রবেশ করতে দিচ্ছে না। সারা দিন অপেক্ষা করেও কোনো সমাধান না পেয়ে তিনি চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন।
খবর পেয়ে গভীর রাতে ফুলবাড়ী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই নারীকে উদ্ধার করে একই এলাকার আমিনুলের বাড়িতে নিরাপদে রাখার ব্যবস্থা করে। এ বিষয়ে বারবার দুলালের সঙ্গে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
ফুলবাড়ী থানার এসআই ইয়াছিন আলী জানান, দুলালকে বাড়িতে পাওয়া যায়নি। আমরা ওই নারীকে উদ্ধার করে স্থানীয় আমিনুলের জিম্মায় রেখেছি। বিষয়টি সমাধান না হলে আইনগত ব্যবস্থা নিতে চাইলে ওই নারীকে প্রয়োজনীয় আইনি সহায়তা প্রদান করবে পুলিশ।
