Logo
Logo
×

সারাদেশ

লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে বারদীতে ভক্তদের উপচেপড়া ভিড়

Icon

যুগান্তর প্রতিবেদন, সোনারগাঁ (নারায়ণগঞ্জ)

প্রকাশ: ০৩ জুন ২০২৬, ১১:০৪ পিএম

লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে বারদীতে ভক্তদের উপচেপড়া ভিড়

লোকনাথ ব্রহ্মচারীর তিরোধান দিবসে বারদীতে ভক্তদের উপচেপড়া ভিড়

ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার বারদী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে হিন্দু সম্প্রদায়ের আধ্যাত্মিক গুরু ও সাধক শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর ১৩৬তম তিরোধান উৎসব পালন করা হয়েছে।

উৎসবকে ঘিরে বারদী লোকনাথ ব্রহ্মচারীর আশ্রম ও এর আশপাশের এলাকা লাখ লাখ ভক্তের পদচারনায় মুখরিত হয়ে উঠে।

বুধবার সকালে পূজা-অর্চনার মধ্য দিয়ে তিরোধান দিবসের আনুষ্ঠানিকতা শুরু করা হয়। এর আগে মঙ্গলবার রাতে ঊষা কীর্তন অনুষ্ঠিত হয়। এরপর চলে পূজা-অর্চনা, গীতাপাঠ, কীর্তন, রাজভোগ, বাল্য ভোগ ও প্রসাদ বিতরণ।

বুধবার বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের পদচারণায় মুখরিত হয়ে উঠে পুরো বারদী এলাকা।

তিরোধান উৎসব উপলক্ষে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নিয়েছেন স্থানীয় প্রশাসন।

এদিকে তিরোধান উৎসবকে ঘিরে বারদী এলাকায় বসেছে ৭ দিন ব্যাপী লোকজ মেলা।

তিরোধান উৎসব উপলক্ষে লোকনাথ ব্রহ্মচারী আশ্রম কর্তৃপক্ষ আয়োজন করেছে দিনব্যাপী বিভিন্ন নানা অনুষ্ঠান। এতে রয়েছে প্রভাত কীর্তন, গীতাপাঠ, লোকনাথ ব্রহ্মচারীর জীবন বৃত্তান্ত নিয়ে আলোচনা, বাল্যভোগ, রাজভোগ বিতরণ, ভক্তিমূলক গান, সন্ধ্যা আরতি, ফল প্রসাদ, জল প্রসাদ বিতরণসহ বিভিন্ন ধরনের অনুষ্ঠান।

আগত লোকনাথ ভক্তরা সকাল সন্ধ্যা আরাধনা করছেন মনস্কামনা পূরণের আশায়। এ ছাড়াও উৎসবে আগতদের জন্য বিনামূল্যে শিশুদের দুধ বিতরণ, ঔষধসহ চিকিৎসা সেবা, মিষ্টি, চিড়ামুড়ি, বাতাসা, পানি ও শরবত বিতরণের ব্যবস্থা নিয়েছে লোকনাথ সেবা সংঘ, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, সীতা রাম সংঘ, শারদাঞ্জলি ফোরাম বাংলাদেশসহ বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন।

বারদী লোকনাথ ব্রহ্মচারী আশ্রম পরিচালনা কমিটির সদস্য সচিব সাংবাদিক শংকর কুমার দে জানান, তিরোধান উৎসবে অংশ নিতে প্রতিবেশী দেশ বিদেশ থেকেও বিপুল সংখ্যক লোকনাথ ভক্ত বারদী আশ্রমে এসেছেন। তাদের থাকা ও খাওয়ার সুব্যবস্থা করা হয়েছে। পূজা-অর্চনা, ঊষাকীর্তন, বাল্যভোগ, রাজভোগ বিতরণ, গীতা পাঠ, প্রসাদ বিতরণ, লোকনাথ ব্রহ্মচারীর জীবন নিয়ে আলোচনা, সন্ধ্যা কীর্তনসহ বিভিন্ন ধর্মীয় কর্মসূচি পালন করা হয়।

সোনারগাঁ থানার ওসি গোলাম সারোয়ার জানান, লোকনাথ ব্রহ্মচারীর আশ্রমে আসা ভক্তদের নিরাপত্তায় পুলিশ সর্বদা কাজ করেছে। আশ্রম এলাকায় পুলিশ, র‌্যাব, আনসারসহ প্রায় ৫ শতাধিক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন ছিল। এছাড়াও আশ্রম এলাকায় অপ্রীতিকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সিসিটিভি ক্যামেরার আওতায় ছিল। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। লোকনাথ ভক্তরা শান্তিপূর্ণভাবে দিবসটি পালন করেন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম