Logo
Logo
×
   

সারাদেশ

বিয়ের তিন মাস পর গৃহবধূর বিষপানে আত্মহত্যা, শ্বশুর আটক

Icon

যুগান্তর প্রতিবেদন, তাহিরপুর

প্রকাশ: ০৫ জুন ২০২৬, ১০:৩৮ পিএম

বিয়ের তিন মাস পর গৃহবধূর বিষপানে আত্মহত্যা, শ্বশুর আটক

বিয়ের তিন মাস পর সুনামগঞ্জের তাহিরপুরে রিক্তামনি (১৮) নামে এক গৃহবধূ বিষপানে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ওই গৃহবধূর লাশ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায় থানা পুলিশ।

এদিকে আত্মহত্যার প্ররোচিত করার অভিযোগে শুক্রবার ওই গৃহবধূর শ্বশুরকে আটক করেছে পুলিশ।

মৃত রিক্তা মনি সুনামগঞ্জের তাহিরপুরের কলাগাঁও সীমান্ত গ্রামের আব্দুল মন্নাফের ছেলে সোহাগ মিয়ার স্ত্রী ও পার্শ্ববর্তী মধ্যনগর উপজেলার সাউথপাড়ার মৃত পুতুল মিয়ার মেয়ে।

শুক্রবার বিকালে রিক্তা মনির মা হাসনা বেগম জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে তাহিরপুরের কলাগাঁও গ্রামে স্বামী সোহাগের অবর্তমানে রিক্তা মনি বিষপানে আত্মহত্যা করে। তাহিরপুর হাসপাতালে নেওয়ার পথে এ খবর আমাকে জানায় রিক্তার শ্বশুরবাড়ির লোকজন।

তিনি অভিযোগ করেন, প্রেমের বিয়ে কোনোরকম সোহাগের পরিবার মেনে নিলেও বিয়ের পর থেকেই আসবাবপত্র, যৌতুকের টাকার জন্য সোহাগ ও তার পরিবারের সদস্যরা আমার মেয়েকে শারীরিক, মানসিক নির্যাতন চালিয়ে যাচ্ছিল। আমার মেয়েকে শারীরিক নির্যাতনের দুই দিন পর সোহাগ কৌশলে বাড়ি থেকে চলে যায়। আমার মেয়েকে তার স্বামী, শ্বশুরবাড়ির লোকজন আত্মহত্যা করতে বাধ্য করেছে।

তাহিরপর থানার ওসি আমিনুল ইসলাম জানান, গৃহবধূকে আত্মহত্যার প্ররোচিত করার অভিযোগে আব্দুল মন্নাফকে শুক্রবার বিকালে সুনামগঞ্জ সদর মডেল থানার ওসি রতন সেখের নেতৃত্বে জেলা শহর থেকে আটক করা হয়েছে। মন্নাফকে তাহিরপুর থানায় নিয়ে আসা হবে। আত্মহত্যার প্ররোচনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান ওসি।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .