পছন্দের দলের পতাকা টাঙাতে গিয়ে প্রাণ গেল কিশোরের
Advertisement
যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ
প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:৫৭ পিএম
ফয়সাল
|
ফলো করুন |
|
|---|---|
মানিকগঞ্জ সদর উপজেলার ভাটবাউর এলাকায় ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ফয়সাল (১৭) নামে এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। প্রিয় দলের খেলা দেখার স্বপ্ন বুকে নিয়েই পতাকা টাঙাতে উঠেছিলেন তিনি।
কিন্তু খেলা শুরুর আগেই নির্মম মৃত্যুর কাছে হার মানতে হয় তাকে। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
মৃত ফয়সাল সদর উপজেলার ভাটবাউর এলাকার মুন্নু মিয়ার ছেলে। তিনি স্থানীয় তাসনুভা ফিলিং স্টেশনের কর্মচারী হিসেবে কাজ করতেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, এসএস পাইপের সাহায্যে পতাকা টাঙানোর সময় ঝড়ো বাতাসের কারণে পাইপটি ১১ হাজার ভোল্টের বিদ্যুৎ লাইনের সংস্পর্শে চলে যায়। এতে ফয়সাল তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হন এবং গাছ থেকে নিচে পড়ে যান। পরে তাকে দ্রুত মানিকগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাসনুভা ফিলিং স্টেশনের ম্যানেজার জনি বলেন, ব্রাজিলের পতাকা টাঙানোর জন্য মঙ্গলবার বিকাল সাড়ে ৫টার দিকে ফয়সাল পাম্পের পাশের একটি আমগাছে ওঠেন। পতাকা টাঙানোর সময় তার হাতে একটি এসএস পাইপ ছিল। এ সময় হঠাৎ ঝড়োবাতাস শুরু হলে পাইপটি পাশ দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের (১১ হাজার ভোল্ট) লাইনের সংস্পর্শে চলে যায়। এতে ফয়সাল তাৎক্ষণিকভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গাছ থেকে মাটিতে পড়ে যান এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ বিষয়ে মানিকগঞ্জ সদর থানার ওসি মো. মনির হোসেন বলেন, এখনো লিখিত অভিযোগ পাইনি, তবে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়েছে। অস্বাভাবিক কোনো কিছু হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
