Logo
Logo
×

Advertisement

সারাদেশ

কেরানীগঞ্জে নদীর তীরে পোড়ানো হচ্ছে চামড়া, ঝুঁকিতে জনস্বাস্থ্য

Advertisement

Icon

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ০৯ জুন ২০২৬, ১০:৫৮ পিএম

কেরানীগঞ্জে নদীর তীরে পোড়ানো হচ্ছে চামড়া, ঝুঁকিতে জনস্বাস্থ্য

হযরতপুর ইউনিয়নের হোগলাগাদি গ্রামে ধলেশ্বরী নদীর তীরে পোড়ানোর জন্য রাসায়নিক মিশ্রিত ট্যানারির বর্জ্য রাখা হয়েছে। ছবি: যুগান্তর

Advertisement

দিনের আলো ফোটার আগেই কাজ শেষ। কিন্তু থেকে যায় পোড়া চামড়ার তীব্র দুর্গন্ধ। সন্ধ্যা নামলেই কেরানীগঞ্জে ধলেশ্বরী নদীর তীরে শুরু হয় রাসায়নিকমিশ্রিত ট্যানারি বর্জ্য পোড়ানোর কার্যক্রম। 

স্থানীয়দের অভিযোগ, এসব বর্জ্য পুড়িয়ে তৈরি করা হচ্ছে প্রাণীখাদ্য (ফিড)। এতে সৃষ্ট ধোঁয়া ও দুর্গন্ধে অতিষ্ঠ হয়ে উঠেছে আশপাশের এলাকার বাসিন্দারা।

কেরানীগঞ্জের হযরতপুর ইউনিয়নের হোগলাগাদি গ্রামে ধলেশ্বরী নদীর তীরে গড়ে উঠেছে এ অবৈধ কার্যক্রম। প্রশাসনের নজর এড়াতে সন্ধ্যার পর শুরু হওয়া কাজ চলে গভীর রাত থেকে ভোর পর্যন্ত। একাধিকবার অভিযান পরিচালনা করা হলেও বন্ধ হয়নি কার্যক্রম।

সরেজমিনে দেখা যায়, নদীতীরবর্তী খোলা জায়গাজুড়ে স্তূপ করে রাখা হয়েছে ট্যানারির বর্জ্য ও রাসায়নিক মিশ্রিত গরুর চামড়া। সেখানে কোনো স্থায়ী অবকাঠামো নেই। খোলা আকাশের নিচেই পড়ে আছে চামড়া প্রক্রিয়াজাতকরণের বিভিন্ন যন্ত্রপাতি। কিছু দূরে রোদে শুকাতে দেওয়া হয়েছে চামড়া পুড়িয়ে তৈরি করা প্রাণীখাদ্য। 

এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, হযরতপুর ইউনিয়নের বিএনপির কর্মী পরিচয়দানকারী মালেক মিয়ার (৪৮) প্রভাবেই এ কার্যক্রম পরিচালিত হচ্ছে। তবে এ অভিযোগের বিষয়ে জানতে মালেক মিয়ার মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।  

কারখানাটিতে শ্রমিক হিসেবে কাজ করতেন মো. সিফাত (১৭) নামের এক কিশোর। তিনি বলেন, আগে দিনে ও রাতে দুই শিফটে কাজ হতো। আমি দিনের শিফটে ছিলাম। সন্ধ্যার পর ৮ থেকে ১০ জনের আরেকটি দল কাজ করত। আশপাশের গ্রামের মানুষ অভিযোগ করার পর দিনের কাজ কমে যায়। এখন বেশির ভাগ কাজই রাতে হয়। দুর্গন্ধে টিকতে না পেরে এক মাস পর চাকরি ছেড়ে দিয়েছি।

তিনি আরও বলেন, সেখানে কাজ করা শ্রমিকদের বেতন জলিল নামের এক ব্যক্তি পরিশোধ করতেন। তিনিও চামড়া পোড়ানোর কাজে জড়িত ছিলেন।

হোগলাগাদি ও আশপাশের এলাকায় ধলেশ্বরী নদীর চরজুড়ে বিভিন্ন ধরনের শাকসবজির আবাদ হয়। বর্জ্য পোড়ানোর ধোঁয়া ও দূষণের প্রভাব কৃষিজমিতেও পড়ছে বলে অভিযোগ স্থানীয়দের। 

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন কৃষক বলেন, প্রতিদিন রাতে ট্রলারে বিভিন্ন এলাকা থেকে চামড়া আনা হয়। পরে সেগুলো পুড়িয়ে ফিড তৈরি করা হয়। এতে কৃষিজমিরও ক্ষতি হচ্ছে। মালেকের নিজস্ব সন্ত্রাসী বাহিনী রয়েছে। তাই কেউ তার বিরুদ্ধে কথা বলতে সাহস পায় না। প্রতিবাদ করলে ভয়ভীতি ও হুমকি দেওয়া হয়। ফলে সবাই নীরবে এই অপকর্ম সহ্য করছে।

হোগলাগাদি গ্রামের কৃষক সাত্তার হোসেন বলেন, বছরখানেক আগে প্রশাসন এসে এসব বন্ধ করে দিয়েছিল। কিন্তু প্রায় তিন মাস ধরে আবার শুরু হয়েছে। সন্ধ্যার পর এমন দুর্গন্ধ ছড়ায় যে ঘরে থাকা যায় না। 

বাতাস যেদিকে যায়, সেদিকের মানুষ সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ে।

আরেক কৃষক অভি রহমান বলেন, মুরগি ও মাছের খাদ্য তৈরির জন্য চামড়া পোড়ানো হচ্ছে। এতে বিষাক্ত ধোঁয়া ছড়াচ্ছে। গ্রামের অনেক মানুষ অসুস্থ হয়ে পড়ছেন।

চর আকশাইল গ্রামের গৃহবধূ আসমা আক্তার বলেন, সন্ধ্যার পর অনেক সময় এমন দুর্গন্ধ হয় যে রান্না করাও কষ্টকর হয়ে যায়। জানালা-দরজা বন্ধ রেখেও রক্ষা পাওয়া যায় না। ছোট ছোট সন্তানদের নিয়ে খুব উদ্বেগে থাকি। সরকার দ্রুত এ কারখানা বন্ধ করে দিক। 

ঢালিকান্দি গ্রামের এক কলেজ শিক্ষার্থী বলেন, রাতে পড়াশোনা করতে বসলে পোড়া চামড়ার গন্ধে মাথাব্যথা শুরু হয়। মাঝে মাঝে শ্বাস নিতেও কষ্ট হয়। আমরা চাই প্রশাসন দ্রুত ব্যবস্থা নিক, যাতে স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারি। 

কেরানীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. নাদিম আহমেদ বলেন, চামড়ার সঙ্গে লেগে থাকা রক্ত, চর্বি ও বিভিন্ন জৈব উপাদান দ্রুত পচনশীল। এসব বর্জ্য খোলা স্থানে ফেলে রাখা বা পোড়ানোর ফলে পরিবেশ দূষিত হয়। দুর্গন্ধের পাশাপাশি বিভিন্ন ধরনের রোগজীবাণুর বিস্তার ঘটতে পারে। এছাড়া মশার প্রজনন বাড়ার কারণে ডেঙ্গুসহ অন্যান্য রোগের ঝুঁকিও বৃদ্ধি পেতে পারে।

এ বিষয়ে জানতে চাইলে কেরানীগঞ্জ মডেল সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল মাওয়া বলেন, বিষয়টি সম্পর্কে খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করে না কিন্তু টাকা নেই’

ঢামেক মর্গে প্রেমিক-প্রেমিকার লাশ ‘পৃথিবী ছেড়ে যেতে ইচ্ছে করে না কিন্তু টাকা নেই’

বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

বিডিআর বিদ্রোহ মামলার কারাবন্দি আসামির মৃত্যু

‎কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

‎কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে অসুস্থ হয়ে কয়েদির মৃত্যু

কেরানীগঞ্জে থানার সামনে জব্দ ট্রাকে আগুন

কেরানীগঞ্জে থানার সামনে জব্দ ট্রাকে আগুন

এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

এবার দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে পিকআপে আগুন

সেলুনে ঢুকে এলোপাতাড়ি গুলি, পরে যুবককে কুপিয়ে হত্যা

কিশোর গ্যাং সেলুনে ঢুকে এলোপাতাড়ি গুলি, পরে যুবককে কুপিয়ে হত্যা

আরও পড়ুন

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

‘সিলেটে থাকতে হলে টাকা দিতে হবে’ গভীর রাতে বাসায় ঢুকে প্রকৌশলীকে মারধর-হুমকি

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

ফাঁড়িতে হামলা করে আসামি ছিনতাইয়ের চেষ্টা, রামদায়ের কোপে ২ পুলিশ আহত

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

শিশুকে মায়ের কোলে ফিরিয়ে দিয়ে বিপাকে, ওসিসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

হত্যা মামলায় একই পরিবারের চারজনের যাবজ্জীবন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম