মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৩০
Advertisement
মিঠাপুকুর (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৬:২৩ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
রংপুরের মিঠাপুকুরে ঢাকা-রংপুর মহাসড়কে যাত্রীবাহী বাসের সামনের চাকা পাংচার হয়ে সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ৩০ জন আহত হয়েছেন।
বুধবার (১০ জুন) রাত সাড়ে ১০টায় দমদমা রহমান পাম্প সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত শামসুন্নাহার (৩৫) রংপুরের পীরগঞ্জ উপজেলার শানেরহাট এলাকার প্রথমভাঙ্গা গ্রামের খসড়ু মিয়ার স্ত্রী বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, রংপুর নগরীর পাগলাপীর থেকে পীরগঞ্জগামী যাত্রীবাহী বাসটি ঢাকা-রংপুর সড়কের দমদমা রহমান পাম্প সংলগ্ন এলাকায় পৌঁছালে বিকট শব্দে সামনের চাকা পাংচার হয়ে পার্শ্ববর্তী সাইনবোর্ডের খুটিতে ধাক্কা লেগে সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই একজন নারী নিহত হন, আহত হন আরও অন্তত ৩০ জন।
মিঠাপুকুর থানার এসআই এমদাদ উদ্দিন বলেন, যাত্রীবাহী বাসের সামনের চাকা পাংচার হয়ে ঘটনাস্থলেই একজন নারীর মৃত্যু হয়েছে, আহত হয়েছেন অন্তত ৩০ জন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
মিঠাপুকুর থানার ওসি এরশাদ আহমেদ জানান, ঘটনার পরপরই পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। এ ঘটনায় একজন নারী নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩০ জন। আহতদেরকে বিভিন্ন ক্লিনিক ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ কারণে সবার নাম-ঠিকানা পাওয়া সম্ভব হয়নি। নিহতের পরিবারকে খবর দেওয়া হয়েছে।

