‘দুর্গাপূজায় কাউকে ঘোলাপানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না’
Advertisement
তারাগঞ্জ (রংপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৫ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও রংপুর-২ (তারাগঞ্জ-বদরগঞ্জ) আসনের সংসদ সদস্য এটিএম আজহারুল ইসলাম বলেছেন, পতিত সরকার ভারতে বসে আসন্ন দুর্গাপূজা নিয়ে পরিস্থিতি ঘোলাটে করার ষড়যন্ত্র করতে পারে। তবে কোনো ফ্যাসিস্ট শক্তিকেই ঘোলাপানিতে মাছ শিকার করতে দেওয়া হবে না। দেশটির নাম বাংলাদেশ, এ দেশে যুগ যুগ ধরে সব ধর্মের মানুষ মিলেমিশে বসবাস করে আসছেন। সংখ্যায় কম কিংবা বেশি হোক—সবাইকে নিয়েই এই বাংলাদেশ।
মঙ্গলবার বিকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসনের আয়োজনে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে উপজেলার পূজামণ্ডপসমূহে সরকারি অনুদান বিতরণ ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এটিএম আজহারুল ইসলাম বলেন, ফেসবুকের মাধ্যমে অনেকেই বিভ্রান্তিকর তথ্য ও গুজব ছড়িয়ে দেয়। অনেকে সত্য-মিথ্যা যাচাই না করেই মন্তব্য করে থাকেন। এজন্য সবাইকে সচেতন ও সতর্ক থাকতে হবে। দেশে থাকা ফ্যাসিবাদের দোসরদের কঠোর নজরদারিতে রাখতে হবে, যাতে তারা কোনো অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে। আপনারা আপনাদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করবেন, এতে কেউ বাধা দিতে পারবে না। ইসলামের নাম ভাঙিয়ে যারা ধর্মীয় বিভেদ ও বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায়, তাদের বিরুদ্ধে সবাইকে রুখে দাঁড়াতে হবে।
তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন- উপজেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পাপন দত্ত, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু, উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি ইয়াকুব আলী, সংসদ সদস্যের প্রতিনিধি প্রভাষক আমিনুর ইসলাম প্রমুখ।
সভায় জানানো হয়, উপজেলার পাঁচটি ইউনিয়নের ৬৫টি পূজামণ্ডপের প্রতিটিতে ৬০০ কেজি করে মোট ৩৯ টন চাল সরকারি বরাদ্দ দেওয়া হয়েছে। এছাড়া চাল বিতরণের আগে অসহায় ও দুস্থ মানুষের মাঝে ৯০ হাজার টাকার আর্থিক অনুদান বিতরণ করা হয়।
