এআই দিয়ে আপত্তিকর ভিডিও বানিয়ে অপপ্রচার, স্কুলছাত্রীর আত্মহত্যা
Advertisement
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৬, ০৭:৫৮ পিএম
ফাইল ছবি
|
ফলো করুন |
|
|---|---|
নোয়াখালীর বেগমগঞ্জে নবম শ্রেণির ছাত্রী আফসানা আক্তার রাহিকে (১৪) নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি ব্যবহার করে আপত্তিকর ভিডিও তৈরির জেরে আত্মহত্যা ও এলাকার অন্যান্য মেয়েদের চারিত্রিক হেনেস্তার প্রতিবাদে বিক্ষোভ করেছেন এলাকাবাসী।
বৃহস্পতিবার (১১ জুন) দুপুরে বেগমগঞ্জ উপজেলার বাংলাবাজার এলাকায় নোয়াখালী-লক্ষ্মীপুর মহাসড়কে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভে অংশ নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা অভিযুক্ত ইসমাইল, নাঈম ও রনির ফাঁসির দাবি জানান। সর্বস্তরের জনগণের ব্যানারে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার, এআই প্রযুক্তির অপব্যবহার এবং নারীদের সম্মানহানির ঘটনায় জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ সময় তারা বিভিন্ন প্রতিবাদী স্লোগান দেন এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
একপর্যায়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করলে সড়কের উভয় পাশে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয় এবং যান চলাচল সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে বেগমগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে পৌঁছান। তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং সুষ্ঠু তদন্তের আশ্বাস দেন। পরে ওসির আশ্বাসে শিক্ষার্থীরা সড়ক অবরোধ প্রত্যাহার করলে যান চলাচল স্বাভাবিক হয় এবং পরিস্থিতি শান্ত হয়।
বেগমগঞ্জ মডেল থানার ওসি মোহাম্মদ সামছুজ্জামান বলেন, খবর পেয়ে আমি ঘটনাস্থলে যাই। সেখানে শিক্ষার্থীরা প্রায় ৮ থেকে ১০ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে তারা কর্মসূচি শেষ করে সড়ক ছেড়ে চলে যায়।
উল্লেখ্য, সোমবার দুপুরে উপজেলার জিরতলী ইউনিয়নের ৫নং ওয়ার্ডের মধ্যম জিরতলী গ্রামের নতুন খামার বাড়ি থেকে আফসানা আক্তার রাহির ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। মৃত্যুর আগে রেখে যাওয়া একটি চিরকুটে তিনি ইসমাইল নামে এক যুবকের নাম উল্লেখ করেন বলে জানিয়েছে পুলিশ।

