বিদ্যুতের তার টেনে তোলার সময় পুকুর থেকে উঠে এলো মা-ছেলের লাশ
Advertisement
বরগুনা প্রতিনিধি
প্রকাশ: ১১ জুন ২০২৬, ১০:৫১ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
বরগুনা সদর উপজেলার ঢলুয়া ইউনিয়নে ঝড়ে বিদ্যুৎ সংযোগের তার ছিঁড়ে পুকুরে পড়ে। গোসল করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন নারী ও তার শিশু ছেলে। সংযোগলাইন মেরামতের জন্য ওই পুকুরে পড়ে থাকা বিদ্যুতের তার টেনে তোলার সময় মা ও তার ছেলের লাশ উঠে আসে।
বুধবার (১০ জুন) বিকালে ঢলুয়া ইউনিয়নের উত্তর রায়ভোগ গ্রামের পুকুরে এ ঘটনা ঘটে। পরে পুলিশ লাশ উদ্ধার করে রাত সাড়ে ৮টার দিকে বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
মৃতরা হলেন- মোছা. নূপুর (৩৫) ও তার ছেলে শাহাদাত হোসেন (২)।
নূপুর বেগম রায়ভোগ গ্রামের মিরাজের স্ত্রী।
স্থানীয়রা জানান, মঙ্গলবার রাতে ঝড়ে পল্লী বিদ্যুতের সংযোগের তার ছিঁড়ে পুকুর পড়েছিল। সকালে বিষয়টি পল্লী বিদ্যুতের স্থানীয় কার্যালয়ে জানানো হয়, কিন্তু কেউ আসেননি।
তারা আরও জানান, নূপুরের দুই ছেলে সকাল ৯টায় বাড়ি থেকে স্কুলে যায়। স্কুল ছুটি হলে তারা বাড়ি ফিরে মা ও অপর ভাইকে না পেয়ে খোঁজাখুঁজি করেও সন্ধান পাচ্ছিল না। এর মধ্যে বিকালে বিদ্যুতের লোক ঝড়ে ছিঁড়ে যাওয়া সংযোগলাইন মেরামতের জন্য ওই বাড়িতে যান। সেখানে পুকুরে পড়ে থাকা বিদ্যুতের তার টেনে তোলার সময় নূপুর ও তার ছেলের লাশ উঠে আসে।
এ বিষয়ে স্থানীয় ইউপি সদস্য ফরিদ মিয়া বলেন, মঙ্গলবার রাতে ঝড়ে পল্লী বিদ্যুতের সংযোগের তার ছিঁড়ে পুকুরে পড়ে। এরপর সকালে বিষয়টি পল্লী বিদ্যুৎ অফিসে জানানো হয়। কিন্তু তারা আসেনি। এমনকি বিদ্যুৎ–সংযোগটি বন্ধও করেনি। বিদ্যুতায়িত পুকুরে গোসল করতে নেমে মা ও ওই শিশু মারা যান। বিকালে পল্লী বিদ্যুতের লোক ঝড়ে ভেঙে যাওয়া লাইন মেরামতের জন্য ওই বাড়িতে আসেন। সেখানে পুকুরে পড়ে থাকা বিদ্যুতের তার টেনে তোলার সময় নূপুর ও তার ছেলের লাশ উঠে আসে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবার বিদ্যুৎ বিভাগের লোকজনের বিরুদ্ধে অবহেলার অভিযোগ এনে মামলা করবে।
পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির বরগুনা আঞ্চলিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক মুহাম্মদ আছফা উদ্দিনের কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি জানান, ঝড়ে বিদ্যুতের সংযোগলাইন ছিঁড়ে পুকুরে পড়ে থাকায় ওই পুকুরে নেমে দুজন মানুষ মারা গেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত প্রতিবেদন শেষে যদি পল্লী বিদ্যুৎ সমিতির কোনো গাফিলতি থাকে, তাহলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বরগুনা থানার ওসি আব্দুল আলীম বলেন, লাশ উদ্ধার করে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য বরগুনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা করেছে।
