দিনদুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি, যুবকের ভিডিও ভাইরাল
Advertisement
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২১ জুন ২০২৬, ০৮:৫৬ পিএম
দিনদুপুরে অস্ত্র উঁচিয়ে গুলি, যুবকের ভিডিও ভাইরাল
|
ফলো করুন |
|
|---|---|
চট্টগ্রামের চান্দগাঁও বিসিক এলাকায় দিনদুপুরে ফাঁকা গুলি ছুড়ে চাঁদা দাবির ঘটনা ঘটেছে। এ সময় অস্ত্র উঁচিয়ে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে যুবককে হেঁটে যাওয়ার ভিডিও ভাইরাল হয়েছে।
শনিবার পাঁচ যুবকের একটি সশস্ত্র দল বিসিক শিল্প এলাকায় একটি প্রতিষ্ঠানের সামনে এসে ফাঁকা গুলি ছোড়ে। রোববার সকাল থেকে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়।
গুলি ছোড়ার পর মোবাইল ফোনে এক যুবদল নেতাকে প্রাণনাশের হুমকি দেয় দেয় বলে অভিযোগ উঠেছে।
আইনশৃঙ্খলা বাহিনীর ধারণা, দুবাইয়ে পলাতক শিবির ক্যাডার বড় সাজ্জাদ গ্রুপের অনুসারীরা এ ঘটনার সঙ্গে জড়িত থাকতে পারে।
পুলিশ ও স্থানীয়রা জানান, শনিবার চান্দগাঁও বিসিক শিল্প এলাকার ইয়ুনুস্কো (এসটিএস) গ্রুপের সামনের সড়কে দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে একদল সশস্ত্র ব্যক্তি। এ সময় শিল্প এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ৩৭ সেকেন্ডের সিসিটিভি ফুটেজে দেখা যায়, গোলাপি টি-শার্ট পরা এক যুবক পোশাক কারখানার সামনে থেকে এগিয়ে এসে প্যান্টের পেছনের পকেট থেকে পিস্তল বের করেন। এরপর কারখানার দিকে তাক করে গুলি ছোড়েন। পরে সড়ক ধরে এগিয়ে যাওয়ার সময়ও তাকে পিস্তল উঁচিয়ে আবার গুলি করতে দেখা যায়। এ সময় তার পাশ দিয়ে কয়েকজন পথচারীকেও হেঁটে যেতে দেখা যায়।
পুলিশ বলছে, সিসিটিভি ফুটেছে অস্ত্রধারী পাঁচ যুবককে এখনো চিহ্নিত করা যায়নি। তাদের চিহ্নিত করতে এবং কাজ চলছে বলে পুলিশ জানিয়েছে।
স্থানীয় লোকজনের দাবি, ২০২৪ সালে আগস্টের পর থেকে বিসিক শিল্প এলাকায় নজিরবিহীন চাঁদাবাজি চলছে। প্রতিনিয়তই ঘটছে নানা অপ্রীতিকর ঘটনা। আধিপত্য বিস্তার, চাঁদাবাজি এবং কারখানা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে একটি সন্ত্রাসী চক্র সক্রিয় রয়েছে। গুলির ঘটনার পর ওই যুবদল নেতাকে হুমকি দেওয়ার ঘটনাও এরই অংশ হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
চান্দগাঁও থানার ওসি জসিম উদ্দিন বলেন, পাঁচজন সন্ত্রাসী চাঁদার দাবিতে ঘটনাটি ঘটিয়েছে বলে তথ্য পেয়েছি। এসব সন্ত্রাসী পরিচয় শনাক্তের কাজ চলছে। শনাক্ত হলেও আপনাদের জানাব। পুলিশের পক্ষ থেকে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
