সিইউএফএলে সার্বক্ষণিক গ্যাস সরবরাহ করে উৎপাদন বাড়ানো হবে: শিল্পমন্ত্রী
কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: ২২ জুন ২০২৬, ০৭:৪০ পিএম
ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শনে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি: যুগান্তর
|
ফলো করুন |
|
|---|---|
বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দেশে যত সার কারখানা আছে, তার মধ্যে কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো) ছাড়া অন্য কোনো সার কারখানা আমরা সারা বছর চালাতে পারি না। বিভিন্ন সময় গ্যাস সংকটের কারণে সমস্যা সৃষ্টি হয়। গ্যাস উৎপাদন করতে হলে মেইন প্রধান্য দিতে হয় বিদ্যুৎ উৎপাদন তারপর গ্যাসের পরে শিল্প কারখানা তৃতীয় সার কারখানা।
সোমবার (২২ জুন) চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কর্ণফুলী ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড (কাফকো), চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) এবং ডিএপি ফার্টিলাইজার কোম্পানি লিমিটেড পরিদর্শনে এসে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
চট্টগ্রাম ইউরিয়া ফার্টিলাইজার লিমিটেড (সিইউএফএল) সম্পর্কে খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সিইউএফএলের বয়স প্রায় ৪০ বছর হয়ে গেছে। কারখানাটির যে স্থাপিত উৎপাদনক্ষমতা ছিল, তার তুলনায় উৎপাদন অনেক কমে গেছে। কারখানাটি বেশি গ্যাস ব্যবহার করলেও উৎপাদন কম হয়। এজন্য এই সার কারখানায় সার্বক্ষণিক গ্যাস দেওয়ার একটি সিদ্ধান্ত হয়েছে। এটি যেন পূর্ণ ক্ষমতায় উৎপাদন করতে পারে, সেজন্য কী পরিবর্তন আনতে হবে, সে বিষয়ে একটি বিশেষজ্ঞ দল নিয়ে আমরা এখানে প্রাথমিক পরিদর্শনে এসেছি।
পরিদর্শনে মন্ত্রী কাফকো, সিইউএফএল এবং ডিএপি সার কারখানা ঘুরে দেখেন। তিনি সিইউএফএল সার কারখানায় একটি গাছের চারা রোপণ করেন এবং প্রতিটি কারখানার সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে স্বতন্ত্রভাবে মতবিনিময় করেন। এ সময় চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম, কাফকোর চিফ করপোরেট অফিসার (সিসিও) খাজা সাইদুর রহমান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আব্দুল্লাহ ফারুক, সিইউএফএলের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মিজানুর রহমান, মহাব্যবস্থাপক (প্রশাসন) মো. জসিম উদ্দিন, প্রশাসনিক ব্যবস্থাপক কাজী আমিনুল হক, ডিএপি সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মঈনুল হক, পরিচালন ব্যবস্থাপক আলমগীর জলিলসহ বিসিআইসি ও সংশ্লিষ্ট সার কারখানার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
