আদালতের রায় শুনেই এজলাসে বাদীর বিষপান
Advertisement
যুগান্তর প্রতিবেদন ও ভোলা প্রতিনিধি
প্রকাশ: ২৪ জুন ২০২৬, ১০:৫২ পিএম
|
ফলো করুন |
|
|---|---|
ভোলায় আদালতের আদেশ সঠিকভাবে বুঝতে না পেরে আদালতের এজলাসে দাঁড়িয়ে তারাভানু (৩৫) নামে এক যৌতুক মামলার বাদীর বিষপানের ঘটনা ঘটেছে।
পরে পুলিশ তাকে তাৎক্ষণিক উদ্ধার করে চিকিৎসার জন্য ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন, বর্তমানে তিনি ভোলা সদর হাসপাতালেই চিকিৎসাধীন আছেন।
বুধবার (২৪ জুন) দুপুরে ভোলার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সৌরভ রায় মিঠুর আদালতে এ ঘটনা ঘটে।
বিষপানে আহত নারী ভোলার বোরহানউদ্দিন উপজেলার বড় মানিকা ইউনিয়নের ছোট মানিকা গ্রামের বাসিন্দা। তার স্বামীর নাম বাহার উদ্দিন বলে জানা গেছে।
আদালত সূত্র ও উপস্থিত আইনজীবীরা জানিয়েছেন, আজকে তার মামলার চার্জ গঠনের জন্য তারিখ নির্ধারিত ছিল। এ সময় বিচারক মামলার এক নাম্বার আসামি বাদীর স্বামী বাহার উদ্দিনকে রেখে অন্য ২ জন আসামিকে অব্যাহতি দেন; কিন্তু বিষয়টি বাদী ভুল বুঝেছেন- তিনি মনে করেছেন তার স্বামীকেও অব্যাহতি দেওয়া হয়েছে। এ সময় এজলাসের মধ্যেই তার সঙ্গে থাকা ব্যাগ থেকে তরল কিছু একটা বের করে পান করেন।
ভোলা কোর্ট পুলিশের পরিদর্শক শেখ মো. নাসির উদ্দীন বলেন, তারাভানু একটি সিআর মামলার বাদী। তিনি তার স্বামী বাহার উদ্দিনসহ কয়েকজনের বিরুদ্ধে যৌতুকের জন্য নির্যাতনের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। আজকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা উঠার তারিখ ছিল। আদালত চলাকালে বাদী এজলাসের মধ্যেই তরল কিছু পান করেছেন, তাৎক্ষণিক তাকে উদ্ধার করে হাসপাতাল ভর্তি করা হয়েছে।
ভোলার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আরাফাতুর রহমান বলেন, হাসপাতালে তার প্রয়োজনীয় চিকিৎসা চলছে। অবস্থা স্থিতিশীল, তিনি পর্যবেক্ষণে রয়েছেন। তবে কী পান করেছেন এখনো নিশ্চিত হওয়া যায়নি।
